কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচজন মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
সম্প্রতি জেলার কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলো।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কোতোয়ালি থানা এলাকায় ‘স্ম্যাশ স্কোয়াড’ নামের একটি কিশোর গ্যাংয়ের দুই সদস্য জিসান (১৯) ও সাইফুল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। জিসান তেলিকোনা গোবিন্দ পুকুরপাড় এলাকার এবং সাইফুল আড়াইওড়া সমিতিপাড়া এলাকার বাসিন্দা।
অন্যদিকে চৌদ্দগ্রাম থানা পুলিশ ‘১২০৭’ নামের গ্যাংয়ের দুই সক্রিয় সদস্য মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাফর আহমদকে (২৩) গ্রেপ্তার করেছে। তারেক নলিশ্বর খিরনশাল এলাকার এবং জাফর কোমারডোগা মধ্যমপাড়া এলাকার মো. আলীর ছেলে।
এছাড়া মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ‘PX 10’ গ্যাংয়ের সদস্য মো. শাকিবকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। সে পোমগাঁও মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাং গ্রুপের প্রধানদের আটক করা হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
