কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ জনে। নিহত ব্যক্তিদের মধ্যে তিন জন প্রাপ্তবয়স্কও রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, বিভাগে জেলাভিত্তিক প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায়—৭৫ জন। এছাড়া সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৫৫২ জন রোগী। এর মধ্যে সিলেট নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭০ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০৩ জন রোগী ভর্তি আছেন। পাশাপাশি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭ জন এবং বিভাগের অন্য জেলা ও উপজেলা হাসপাতালেও অনেক আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কারো শরীরে হামের সংক্রমণ নিশ্চিত না হলেও সংক্রমণ সন্দেহে উপসর্গ নিয়ে ২২৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি ২০২৬ সালের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় মোট এক হাজার ৯৫ জনের শরীরে আনুষ্ঠানিকভাবে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলায় ৪২২ জন। এছাড়া সুনামগঞ্জে ৩৫৭ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১৫৮ জন করে রোগী শনাক্ত হয়েছেন।
চিকিৎসকরা জানান, শিশুদের মধ্যে উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রয়োজন, অন্যথায় শ্বাসকষ্টসহ নানা জটিলতায় প্রাণহানির ঝুঁকি বাড়ছে।
