সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে তাঁকে এ অব্যাহতি দেওয়া হয়।
সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় সংসদের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে চট্টগ্রামের পটিয়ায় এক নারীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এসএম নয়নের আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে পটিয়ার রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
মঙ্গলবার রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। ভিডিওর একপ্রান্তে নয়ন এবং অন্যপ্রান্তে অজ্ঞাতনামা এক তরুণীকে দেখা যায়; শুরুতে দুজনকে স্বাভাবিকভাবে ভিডিওকলে কথা বলতে দেখা গেলেও একপর্যায়ে তারা আপত্তিকর অবস্থায় জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসএম নয়ন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি গত ১২ জুন তাকে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অব্যাহতি ও ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে বক্তব্য জানতে এসএম নয়নের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
