কর্মপরিবেশ নিয়ে চলমান বিরোধের জেরে লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেল বা ‘টিউব’ চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু হওয়ায় শহরজুড়ে যাতায়াতে বড় ধরনের বিলম্ব ও ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় এই ধর্মঘট শুরু হয়, যা ধারাবাহিক কর্মবিরতির প্রথম ধাপ।
রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট (আরএমটি) ইউনিয়নের সদস্য চালকেরা এই ধর্মঘটে অংশ নিয়েছেন। নতুন কর্মপরিকল্পনা চাপিয়ে দেওয়ার বিরোধিতায় বুধবার ইউনিয়ন ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেয়; তাদের মতে, এসব ব্যবস্থা বিদ্যমান চুক্তিগুলোকে দুর্বল করবে এবং কর্মপরিবেশ আরও খারাপ করে তুলবে।
আরএমটির তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন ব্যবস্থার আওতায় চালকদের ট্রেন চালানোর সময় বাড়বে, কর্মঘণ্টা দীর্ঘ হবে, শিফট আগে শুরু ও পরে শেষ হবে, স্বল্প নোটিশে শিফট পরিবর্তন করা যাবে এবং বিদ্যমান বদলি অধিকার ও বার্ষিক ছুটির ব্যবস্থায় আঘাত আসবে।
এক বিবৃতিতে আরএমটির সাধারণ সম্পাদক এডি ডেম্পসি জানান, কোনো চালকের স্বার্থ বা অধিকার ক্ষুণ্ন হবে না, এমন নিশ্চয়তার জন্য ইউনিয়ন ধারাবাহিকভাবে দাবি জানিয়ে এলেও লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষ সে আশ্বাস দিতে ব্যর্থ হয়েছে।
বর্তমান ২৪ ঘণ্টার ধর্মঘটের পাশাপাশি আগামী কয়েক মাসে আরও কয়েক দফা ধর্মঘটের পরিকল্পনা ঘোষণা করেছে ইউনিয়ন। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ ডিসেম্বর, ৪ ও ৬ জানুয়ারি এবং ১৭, ২৩ ও ২৫ ফেব্রুয়ারি এসব ধর্মঘট পালন করা হবে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
