মাতৃত্বের রণাঙ্গন, যেখানে প্রতিটি জন্মই এক একটি অলৌকিক জয়

আপডেট : ১০ মে ২০২৬, ০৩:৫০ পিএম

মধুর ‘মা’ ডাক শোনার জন্য একজন নারীকে কতোটা জীবনের ঝুঁকি নিতে হয়, তা পৃথিবীর সব মায়েরাই জানেন। কিন্তু বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলোতে এই ঝুঁকি যেন দ্বিগুণ। যমুনার উত্তাল ঢেউ আর বালুচরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন একজন গর্ভবতী নারী হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন, তখন তার কোলজুড়ে নতুন প্রাণের আগমনের আনন্দের চেয়ে জীবন-মৃত্যুর শঙ্কাটাই বড়ো হয়ে দেখা দেয়।

সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ঘোরজান চর। এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে নৌকায় ঘণ্টাখানেক উজানে গেলে দেখা মেলে এই জনপদের। নৌকার মাঝি আল আমিনের কাছে প্রতিটি ঢেউয়ের গল্পে মিশে আছে কোনো না কোনো প্রসূতির হাহাকার।

তিনি বলছিলেন, আগে রোগী নেওয়ার সময় নৌকাতেই অনেকের ডেলিভারি হয়ে যেতো। যমুনার মাঝপথে যখন প্রসববেদনা ওঠে, তখন আমাদের আর করার কিছুই থাকে না।

নৌকা থেকে নেমে চরের একমাত্র বাহন মোটরসাইকেল। চালক জানালেন বর্ষা আর ঝড়ের রাতের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা। 

তিনি বলেন, অনেক সময় মাঝরাতে নৌকা পাওয়া যায় না। ভ্যান বা গরুর গাড়ি চলারও পথ নেই। মোটরসাইকেলে প্রসূতিকে নিয়ে ঘাটে যাওয়ার পথে কতোবার যে ঘাটের পাড়েই সন্তান প্রসব হয়েছে, তার ইয়ত্তা নেই।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতি এক লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে ১২৩ জন মায়ের মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের এমপিডিএসআর-এর তথ্য বলছে, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে মাতৃমৃত্যু কমলেও গত দুই বছরে তা আবার আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। ২০২২ সালে প্রতি লাখে মৃত্যুর হার ছিলো ৬২ জন, যা ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ৯০-এ। এই মৃত্যুহার সমতলের চেয়ে চরাঞ্চলেই বেশি।

ঘোরজান চরের প্রায় ৩০ হাজার মানুষের বাস। এখানে সেবা দিতে আসা ব্র্যাকের সুস্বাস্থ্য কর্মসূচির মিডওয়াইফ তাহরিমা আকতার তুলে ধরলেন এক ভয়াবহ চিত্র। তিনি জানান, চরাঞ্চলে কিশোরী মায়ের সংখ্যা অনেক বেশি। ১৬ থেকে ১৮ বছর বয়সী মেয়েরাই এখানে গর্ভধারণ করেন বেশি, যার ফলে প্রসবকালীন ঝুঁকিও বাড়ে বহুগুণ। প্রতি মাসে গড়ে ৬০ জন মা এখানে সেবা নিতে আসেন।

দীর্ঘদিন কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা না থাকলেও ছয় মাস আগে এখানে প্রথমবারের মতো স্বাস্থ্যসেবা চালু করে বেসরকারি সংস্থা ব্র্যাক। সপ্তাহে একদিন চিকিৎসক এলেও কেন্দ্রটি ২৪ ঘণ্টা খোলা থাকে প্রশিক্ষিত ধাত্রী ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টদের মাধ্যমে।

ব্র্যাকের প্রকল্প ব্যবস্থাপক মাহফুজুর রহমান জানান, প্রসবসেবা, গর্ভকালীন যত্ন, আলট্রাসাউন্ড এবং টেলিমেডিসিনের সুবিধাও এখন চরের মানুষ পাচ্ছেন। জটিল রোগীদের ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। 

ডা. জান্নাতুল পিয়া বলছিলেন, আগে অনেক মা জানতেনই না কবে শিশুটির জন্ম হবে। এখন আলট্রাসনোগ্রাম মেশিন হওয়ায় কিছুটা স্বস্তি এসেছে।

এতো কষ্ট, যমুনার উত্তাল ঢেউ আর দুর্গম চরের ধু-ধু বালুপথ—সব অনিশ্চয়তাকে তুচ্ছ করে চরাঞ্চলের নারীদের মা হওয়ার অদম্য ইচ্ছেটা ফুরায় না। ব্র্যাকের হাসপাতাল হওয়ার আগে শাহজাদপুরের দূরবর্তী হাসপাতালে যাওয়ার যে ভোগান্তি ছিলো, তা হয়তো কিছুটা কমেছে। কিন্তু চরের প্রতিটি প্রসূতি মায়ের কাছে ‘মা’ ডাক শোনাটা এখনো এক জীবনজয়ী যুদ্ধের নাম।

চরাঞ্চলের এই মায়েরা কেবল একটি সন্তানের জন্ম দেন না, তারা জন্ম দেন এক অবিরাম লড়াইয়ের গল্পের, যা যমুনার প্রতিটি ঢেউয়ের মতো চরের ইতিহাসে মিশে থাকে।

 

একাত্তর/এসি
এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশে স্থান করে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধী...
ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা প্রদানকারী ভারতীয় প্রতিষ্ঠান ‘সেনডর মেডিকেইডস’-এর সঙ্গে দশ বছর মেয়াদি চুক্তির সময়সীমা আগামী নভেম্বরেই শেষ হতে যাচ্ছে।...
দেশে ভয়াবহ রূপ নিয়েছে হাম এবং হামজনিত উপসর্গের সংক্রমণ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না শিশু মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র। পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও...
দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। ভাইরাসের মোট চারটি ধরনের (সেরোটাইপ) মধ্যে এবার মূলত ডেন-৩ এবং ডেন-২ এর মিশ্র উপস্থিতি বা সহ-অবস্থান দেখা গেছে সংক্রমিতদের শরীরে। সরকারি রোগতত্ত্ব, রোগ...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর