দেশে এখনও আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে দেশের এই সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরা হয়। বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ওই ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২১০ জন রোগী।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে—৪৮০ জন। এছাড়া চট্টগ্রামে ২৭৭ জন, সিলেটে ১৩৬ জন, বরিশালে ১০৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৭০ জন, রাজশাহীতে ২৫ জন এবং রংপুর বিভাগে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮০ হাজার ২ জন।
একই সময়কাল অর্থাৎ ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ হাজার ৯৭২ জন।
