দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন নতুন রোগী।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জন রোগীর মধ্যে রাজধানীতে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (রাজধানীসহ) ৯০০ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৯৪ জন, চট্টগ্রামে ২৫২ জন, বরিশালে ১৮৩ জন, রাজশাহীতে ১৫৩ জন, ময়মনসিংহে ৯৫ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৭ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে সর্বোচ্চ ১৭৪ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম দুই দিনেই মারা গেছে আরও ১৪ জন। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে।
