দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রুশ উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে মঙ্গলবার মস্কোতে বৈঠকে বসবেন তিনি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়া সফর করছেন জয়শঙ্কর।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এ সফরে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার উন্নতির দিকে মনোনিবেশ করবে ভারত। এরইমধ্যে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য তিনগুণ বেড়েছে। এছাড়াও বছরের তুলনায় রাশিয়ান তেলের আমদানি প্রায় ২০গুণ বাড়িয়েছে ভারত।
রাশিয়া ও ভারতের শীর্ষ কূটনীতিকরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। লাভরভ গত এপ্রিলে সর্বশেষ নয়াদিল্লি সফর করেন। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের জুলাইয়ে রাশিয়া সফর করেন।
সংশ্লিষ্টরা বলছেন, ল্যাভরভের সাথে বৈঠকে আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করবেন জয়শঙ্কর। পাশপাশি চলমান যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে খাদ্য ও জ্বালানির ঘাটতি নিয়ে ভারতের উদ্বেগ উত্থাপন করবেন।
আরও পড়ুন: বুয়েট ছাত্র ফারদিনকে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক
অন্যদিকে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের সাথেও সাক্ষাত করবেন জয়শঙ্কর। বৈঠকে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক যোগাযোগের ধারাবাহিকতায় এই সফর হবে।
একাত্তর/আরবিএস
