ব্রাজিলের জাতীয় সংসদ ভবন, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির পুলিশ। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর কয়েক হাজার সমর্থক এসব হামলার সাথে জড়িত। এরইমধ্যে কমপক্ষে ৩০০ হামলাকারীকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও চলছে অভিযান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রাজিলের সুপ্রিম কোর্ট রাজধানী ব্রাসিলিয়ার গভর্নর ইবানিস রোচাকে ৯০ দিনের জন্য বরখাস্ত করেছে। চরম ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর উগ্রবাদী সমর্থকরা গতকাল (রোববার) জাতীয় সংসদ ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে হামলা করার পর এই ব্যবস্থা নেয়া হলো।
সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলেও ফলাফল মেনে নিতে চাইছিলেন না বলসোনারো।
দেশটির আইনমন্ত্রী জানিয়েছেন, এরইমধযে একাধিক বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দাঙ্গায় জড়িতদের সর্বশেষ ব্যক্তিকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, আমেরিকা থেকে বলসোনারোকে বহিষ্কারের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের কয়েকজন আইনপ্রণেতা।

আরও পড়ুন: ব্যাংক খাতে গুজবের কলকাঠি নাড়া হচ্ছে বিদেশ থেকে: ডিবি
মার্কিন ডেমোক্রেটরা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো কৌশল অবলম্বন করে তার উগ্রবাদী সমর্থকদেরকে লেলিয়ে দিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছেন বলসোনারো। এই বিপজ্জনক ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে তার নিজের দেশে ফেরত পাঠানো জরুরি।
এর আগে গত ১ জানুয়ারি ব্রাজিলের নির্বাচিত প্রেসিডেন্ট লুলা ডি সিলভা শপথ অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতাগ গ্রহণ করেন। সিলভার এই বিজয়কে মেনে নেননি বলসোনারো। ক্ষমতা ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে চলে যান তিনি। এমনকি ডি সিলভার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এড়িয়ে যান তিনি।
তবে ব্রাজিলের এবারের দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বলসোনারো।
একাত্তর/আরবিএস
