ইরানে আবারও মেয়েদের স্কুলে বিষাক্ত গ্যাস হামলা

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৯:২৭ পিএম

ইরানে মেয়েদের স্কুলে নতুন করে ‘বিষাক্ত গ্যাস’ হামলার অভিযোগ পাওয়া গেছে। ২৬টি স্কুলের শত শত ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

ইরানিদের সন্দেহ, মেয়েদের স্কুলগুলো যাতে বন্ধ করে দেয়া হয় সে লক্ষ্যে ইচ্ছা করে গ্যাস ছড়িয়ে দেয়া হচ্ছে। কিন্তু সরকার এখনও এ ধরণের ষড়যন্ত্র তত্ত্ব গুরুত্ব দিচ্ছে না। খবর: বিবিসি।

ইরানের ফারস সংবাদ সংস্থা খবর দিয়েছে স্কুলে গ্যাস হামলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি বলেছেন, এ গ্রেপ্তারের খবর সঠিক নয়।

উল্লেখ্য, প্রেসিডেন্ট রাইসি স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদিকে স্কুলগুলোতে এ ধরণের বিষক্রিয়ার কারণ খোঁজার দায়িত্ব দিয়েছেন। নভেম্বর মাস থেকে এক হাজারেরও বেশি ছাত্রী বিষাক্ত গ্যাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে। তাদের মধ্যে শ্বাসকষ্ট থেকে শুরু করে ক্লান্তি, ঝিমুনির উপসর্গ দেখা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ভাহিদি বলেন, বিদেশী বিভিন্ন সংবাদ মাধ্যম, এবং ‘ভাড়াটে বিভিন্ন গ্রুপ’ পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে, মানুষজনের মধ্যে আতংক ছড়াচ্ছে। কিছু ছাত্রী এবং অভিভাবক সন্দেহ করছে পুলিশ হেফাজতে মাহসা আমিনি নামে এক নারীর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে সম্প্রতি সরকার বিরোধী যে ব্যাপক আন্দোলন হয় তাতে অংশ নেয়ার শাস্তি হিসাবে মেয়েদের স্কুলগুলোকে টার্গেট করা হচ্ছে।

ইরানের স্থানীয় বিভিন্ন মিডিয়ার খবর অনুযায়ী পাঁচটি শহরের ২৬টি মেয়েদের স্কুলে এই নতুন বিষাক্ত গ্যাস হামলা হয়েছে। বিবিসি ফার্সি ভাষা বিভাগের যাচাই করা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে রাজধানী তেহরান, উত্তর-পশ্চিমের আরদাবিল এবং পশ্চিমের কেরমানমাহ শহরে মেয়েদের স্কুলের সামনে অ্যাম্বুলেন্স জড় হয়েছে এবং হাসপাতালে হাসপাতালে ওইসব স্কুলের ছাত্রীদের চিকিৎসা চলছে। তেহরানের একটি স্কুলের ছাত্রীদের হাসপাতালের বেডে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় দেখা গেছে। 

আরেকটি ভিডিওতে দেখা গেছে, তেহরানের পূর্বাংশে একটি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে ফুটপাতে ছাত্রীরা বসে রয়েছে। সেসময় একজন মা স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে চিৎকার করছেন ‘আমার মেয়ে কই?’ এক পুরুষ তাকে বলছেন, ‘তারা ছাত্রীদের গ্যাস দিয়ে বিষাক্রান্ত করেছে।’

স্কুলে গ্যাসে বিষাক্রান্ত হওয়ার ঘটনা প্রথম তেহরানের উত্তরে শিয়াদের পবিত্র শহরে কোমে। বিবিসি ফার্সি বিভাগের এক সমীক্ষায় দেখা গেছে রোববার পর্যন্ত ৮৩০ জন শিক্ষার্থী, যাদের অধিকাংশই মেয়ে, এমন বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছে। তবে ইরানি এক সংসদ সদস্য বলেছেন কোম ও বোরুয়ার্ড শহরেই ১২০০ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তরা প্রায় সবাই বলেছেন অসুস্থ হয়ে পড়ার আগে তারা নাকে পচা মাছের গন্ধ পেয়েছেন।

পার্লামেন্টের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আলি রেজা মোনাডি-সেফিডানকে উদ্ধৃত করে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ফার্স সংবাদ সংস্থা জানায়, এক তদন্তে এই বিষাক্ত গ্যাসে নাইট্রোজেনের উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার এমন খবর নাকচ করে দেন। একজন অভিভাবক বিবিসিকে বলেন তেহরানের পারদিস শহরতলীতে তার মেয়ের স্কুলে সেদিন অনেক ছাত্রী আক্রান্ত হয়েছে।

এর আগে, রোববার (২৬ ফেব্রুয়ারি) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইউনুস পানাহি বলেন, এটা প্রমাণিত যে কিছু মানুষ চাইছে সব স্কুল, বিশেষ করে মেয়েদের স্কুল, বন্ধ হয়ে যাক। তবে পরে তিনি বলেন, তার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

বুধবার (১ মার্চ) প্রকাশিত এক ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, কেরমানশাহ শহরের একটি প্রাইমারি স্কুলের ছাত্রীরা তাকে বলেছে স্কুলে এক বিস্ফোরণের মত শব্দের পর প্রধান শিক্ষক জানান কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরপরই স্কুলে অ্যাম্বুলেন্স ডাকা হয়। ওই নারী বলেন, একজন ছাত্রী তাকে বলে যে তার আশংকা বিক্ষোভে অংশ নেয়ার জন্য তাদেরকে টার্গেট করা হচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তানের দুই প্রদেশে ৯০ দিনের মধ্যে ভোটের রায়

স্কুলে বিষাক্রান্ত হওয়ার ঘটনায় জনমনে নতুন করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে। বুধবার (১ মার্চ) প্রকাশিত আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, তেহরানের একটি স্কুলের বাইরে একদল মেয়ে স্লোগান দিচ্ছে –‘নারী, জীবন, মুক্তি।’ এ স্লোগানই সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে নিয়মিত শোনা গেছে।


একাত্তর/জো 

হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর