ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোকে মোকাবেলার জন্য শুক্রবার নতুন পররাষ্ট্রনীতির অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কো টাইমস বলছে, ইউক্রেন সংঘাতের মধ্যে পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে খাটো করার যে প্রচেষ্টা চালাচ্ছে, সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে পুতিন নতুন এ পররাষ্ট্রনীতি অনুমোদন করেন।
ক্রেমলিন জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বন্ধুত্বহীন দেশগুলোর বিশ্বব্যাপী আধিপত্য দূর করতে চায় রাশিয়ান ফেডারেশন। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বড় রকমের পরিবর্তনের ফলে রাশিয়ার পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তন আনা হচ্ছে।
অন্যদিকে নতুন পররাষ্ট্রনীতি সম্পর্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়ার দৃষ্টিভঙ্গি হচ্ছে, পশ্চিমা শক্তিকে রাশিয়া বাস্তব হুমকি বলে মনে করে।
আরও পড়ুন: সরকার সাংবাদিকদের টুঁটি চেপে ধরেছে: ফখরুল
তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি রাশিয়া বিরোধী মনোভাবের প্রধান উসকানিদাতা এবং চালিকা শক্তি।
এদিকে নতুন কৌশলে চীন এবং ভারতের সাথে রাশিয়ার শক্তিশালী সম্পর্কের বিষয়টিও উঠে আসে।
এর আগে ২০১৬ সালে নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করেছিল রাশিয়া। সেসময় সন্ত্রাসবাদ বিরোধী লড়াই, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক অঙ্গনে রাশিয়ার উপস্থিতি এবং রুশ জাতির সার্বভৌমত্ব রক্ষা করা ছিল রাশিয়ার পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য।
একাত্তর/আরবিএস
