শীঘ্রই রাশিয়ার কাছ থেকে নিজেদের ভূখন্ড ফিরিয়ে নিতে শক্তশালী পাল্টা আক্রমণ শুরু করবে ইউক্রেন, এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের সীমান্ত রক্ষা দিবস উপলক্ষ্যে স্থানীয় সময় রোববার দেয়া এক ভাষণে এসব কথা বলেন জেলেনস্কি। খবর এনএইচকে'র।
মূল যুদ্ধ খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে উল্লেখ করে তিনি ভাষণে বলেন, আমরা অবশ্যই আমাদের ভূমি এবং মানুষকে রাশিয়ার পরাধীনতা থেকে মুক্ত করবো।
জেলেনস্কি আরও বলেন, আমাদের রাষ্ট্রের সীমানা, স্থল এবং নৌপথ উভয়ক্ষেত্রেই পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে।
একইসাথে পূর্বাঞ্চলীয় শক্ত ঘাঁটি বাখমুত এবং অন্যান্য অঞ্চলে কঠোর প্রতিরক্ষা বজায় রাখার জন্য সৈনিকদের প্রশংসা করেন তিনি।
এর আগে শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ আভাস দেন যে, ইউক্রেন পাল্টা আক্রমণ করার জন্য প্রস্তুত।
তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব ঈশ্বরের ইচ্ছা হলেই তা শুরু করবো।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৮
অন্যদিকে নরডিক মিডিয়ায় দেয়া এক সাক্ষাতকারে জেলেনস্কি ইঙ্গিত দিয়েছিলেন যে, ইউক্রেন প্রয়োজনে এফ-১৬ যুদ্ধ বিমান ছাড়াই পাল্টা আক্রমণ শুরু করবে। তবে ইউক্রেনের সীমানা পুনরুদ্ধার করা সহজ কাজ হবে না বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।
সবশেষ সোমবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন চিফ ভ্যালেরি জালুঝনির টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টে বলা হয়েছে, এদিন রাত আনুমানিক আড়াইটার দিকে রাশিয়া ইউক্রেনে কৌশলগত বিমান হামলা চালায়। গত তিনদিনে এটি ছিল রাশিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা।
একাত্তর/আরবিএস
