পাকিস্তানের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ব্যারিস্টার গহর আলী খানকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করেছে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই কয়েকদিন আগে গহর আলীকে পিটিআই এর চেয়ারম্যান পদের জন্য মনোনীত করেন। শনিবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি দলের শীর্ষ পদের জন্য নির্বাচিত হন।ৎ
পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গিয়ে ২০২২ সালের এপ্রিল মাসে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইমরান। তারপর থেকে তার ওপর দুর্নীতি ও সস্ত্রাসবাদসহ আরও নানা অভিযোগে অনেক মামলা হয়েছে।
এর মধ্যে তোষাখানা মামলায় গত ৫ অগাস্ট তার তিন বছরের কারাদণ্ডের সাজাও হয়। যদিও ওই মাসের শেষ দিকে ইসলামাবাদ হাই কোর্ট ইমরানের সাজা স্থগিত করেছে। কিন্তু এখনো মুক্তি পাননি এই নেতা। অন্যান্য মামলায় ইমরান খানকে কারাগারেই আটকে রাখা হয়েছে।
আগামী ৮ নভেম্বর পাকিস্তানের জাতীয় নির্বাচন। ইমরানের মুক্তি পাওয়া নিয়ে সংশয় তৈরি হওয়ায় তার নেতৃত্বে পিটিআই এর নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
গহর আলী খান শনিবার পিটিআই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পেশওয়ারে এক ভাষণে বলেন, ইমরানের প্রতিনিধি হিসেবে তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।
তিনি বলেন, পাকিস্তানে যে ১৭৫টি রাজনৈতিক দল রয়েছে তাদের সবাই ১৯৬০ সাল থেকে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) কে তাদের আন্তঃদলীয় নির্বাচনের বিবরণ প্রদান করে আসছে। মতবে কোনো নির্বাচনে কোনো দলকে পিটিআই এর মত এতটা খুঁটিয়ে যাচাই করা হয়নি।
তিনি বলেন, জনগণ এসব দেখছে এবং এই দমন রোধ করবে। আমাদের অবশ্যই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
এদিকে ওমর আইয়ুব খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পিটিআই এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সেই সঙ্গে মুনির আহমেদ বালুচ বালুচিস্তান, হালীম আদিল শেখ সিন্ধ, আলী আমিন গেন্দাপুর খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ও ইয়াসমিন রশিদ পাঞ্জাব প্রদেশে পিটিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বলেও জানিয়েছে ডন।
