টেলিগ্রাম মেসেজিং অ্যাপ ব্যবহার করে রাশিয়া তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা নজরদারি চালাতে পারে, এমন আশঙ্কায় ইউক্রেনের সরকারি ও সামরিক কর্মকর্তাদের রাষ্ট্রের ইস্যু করা ডিভাইসে অ্যাপটি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলেনস্কি সরকার।
ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভ দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলে টেলিগ্রাম নিয়ে একটি গোয়েন্দা প্রতিবেদন উপস্থাপন করার পর, শুক্রবার মেসেজিং অ্যাপটি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে কাউন্সিল।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু ব্যতিক্রম ছাড়া সরকারি ও সমারিক কাজে টেলিগ্রাম ব্যবহার করা যাবে না।
ইউক্রেন এবং রাশিয়া উভয় ক্ষেত্রেই ব্যাপকভাবে ব্যবহৃত হয় টেলিগ্রাম। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তার পূর্ণমাত্রার অভিযান শুরু করার পর থেকে অ্যাপটি তথ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে।
এদিন প্রতিরক্ষা কাউন্সিলের সভায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছাড়াও দেশটির সামরিক কমান্ডার এবং আঞ্চলিক ও কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রায় সকলেই নিয়মিত যুদ্ধের আপডেট প্রকাশ এবং গুরুত্বপূর্ণ ঘোষণা প্রচারে টেলিগ্রাম ব্যবহার করেন।
তবে যে কর্মকর্তারা রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হিসেবে টেলিগ্রাম ব্যবহার করেন, অর্থাৎ যারা রাষ্ট্রীয় নির্দেশে অ্যাপটি ব্যবহার করেন তারা নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
বার্তা বিনিময়ের অন্যতম জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও মালিক পাভেল দুরোভ, যিনি রাশিয়ান বংশোদ্ভূত। ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের দ্বৈত নাগরিকত্ব রয়েছে দুরোভের।
আগস্ট মাসের শেষদিকে ব্যক্তিগত বিমানে ফ্রান্সের ল্য বুর্জে বিমানবন্দরে অবতরণের পর দুরোভকে গ্রেপ্তার ফরাসি পুলিশ।
ফরাসি পুলিশ জানিয়েছে, একটি তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মডারেটরের অভাবে টেলিগ্রামে বিস্তর অপরাধ ছড়ানো ও পুলিশের সঙ্গে সহযোগিতার অভাবের অভিযোগ নিয়ে তদন্ত করছে তারা।
টেলিগ্রাম বলেছে, তারা ডিজিটাল সেবা আইনসহ ইইউ আইন মেনে চলে এবং সে অনুযায়ী প্রতিনিয়ত নিজেদের উন্নত করে যাচ্ছে। তারা আরও বলেছে, টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরোভের লুকানোর কিছু নেই।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ জনপ্রিয় অ্যাপটির বিরুদ্ধে তথ্য ফাঁস ও গোয়েন্দা নজরদারির অভিযোগ আনে, তবে এখন পর্যন্ত এ নিয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি দেশগুলো।
বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে যা বললো ইরান