বাংলা বলার হেনস্তা, তিনদিন মন্দিরে লুকিয়ে বাড়ি ফিরলেন শ্রমিক

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম

বাংলায় কথা বলার কারণে দীর্ঘদিনের চেনা জায়গায়ও হেনস্তার শিকার হয়েছেন এক শ্রমিক। পরে তিনি তিনদিন মন্দিরে লুকিয়ে থেকে বাড়ি ফেরেন।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা সাইফুল শেখ ১৪ বছর ধরে কাজ করছিলেন মুম্বাইয়ের একটি কারখানায়। বাংলায় কথা বলার কারণে ক্রমাগত হেনস্থার জেরে ছাড়তে হল সেই চেনা জায়গা। পরিবার নিয়ে পালিয়ে একটি মন্দিরে ঠাঁই নেন বিষ্ণুপুরের শ্রমিক সাইফুল। সেখানেই লুকিয়ে কাটে তিন দিন। বৃহস্পতিবার কোনোরকমে নিজ এলাকায় ফিরেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের কুলেরহাটি পঞ্চায়েতের সর্দার পাড়ার বাসিন্দা সাইফুল (৪০) প্রায় ১৪ বছর আগে মুম্বাইয়ের দাদরে ওই কারখানায় কাজে যোগ দেন। ভাড়া বাড়িতে স্ত্রী ও ছেলেকে (১৩) নিয়ে থাকতেন। কিন্তু সমস্যা শুরু হয় সম্প্রতি।

সাইফুল জানান, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে তাকে নানানভাবে হেনস্তা করা শুরু করে স্থানীয়রা। পুলিশও তেমন কোনো উদ্যোগ নেয়নি। তিনি জানান, তাকে বাইরে বের হলেই মারধরও করা হতো। কার্যত তিনি ঘর থেকে বের হওয়াই বন্ধ করে দেন।

তিনি দাবি করেন, এক পর্যায়ে পুলিশ তাকে ওখানে থাকার জন্য মাথা পিছু ৫০ হাজার করে টাকা চায়। এসবের জেরে তাকে কাজে না করে দেয় কারখানা মালিক।

কাজ বন্ধ হয়ে গেলে সঞ্চিত অর্থও প্রায় শেষ হয়ে যায় সাইফুলদের। বাড়িওয়ালাও ঘর ছেড়ে দিতে বলেন। বাংলার বেশ কিছু শ্রমিক ছিলেন সেখানে। বেশিরভাগই একা থাকতেন। সকলেই যে যার মতো লুকিয়ে ফিরে আসেন। কিন্তু পরিবার থাকায় আটকে যান সাইফুল।

শেষ পর্যন্ত সপ্তাহ খানেক আগে পরিবার নিয়ে লুকিয়ে লোকাল ট্রেনে চেপে বসেন। দাদর থেকে কয়েক ঘণ্টার দূরত্বে কল্যাণে সাইফুলের চেনা দু’-এক জন ছিলো। সেখানেই এসে নামেন। তবে সেখানেও থাকার জায়গা মেলেনি। শেষ পর্যন্ত একটা মন্দিরে ঠাঁই নেন তারা। পুরোহিত মন্দির চত্বরে থাকতে দেন সাইফুলদের।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা সাইফুল শেখ। ছবি সংগৃহীত

গত সোমবার এলাকার সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘এক ডাকে অভিষেক’ প্রকল্পের নম্বর জোগাড় করে সমস্যার কথা জানান সাইফুল। এরপরই তার সঙ্গে যোগাযোগ করেন এলাকার জেলা পরিষদ সদস্য বাবান গাজি। তিনি কিছু টাকা পাঠান। ট্রেনে উঠে পড়তে বলেন। পরিবার নিয়ে মঙ্গলবারই ট্রেনে উঠে পড়েন সাইফুল। টিকিট কাটার সুযোগও পাননি। কোনোরকমে প্ল্যাটফর্ম টিকিট কেটেই ট্রেনে চাপেন। বৃহস্পতিবার এলাকায় ফেরেন তিনি।

নিজের অভিজ্ঞতার কথা মনে পড়ে এখনো আতঙ্কিত হয়ে পড়েন সাইফুল। বলেন, ১৪ বছর দাদরে ছিলাম। চেনা লোকজন এভাবে বদলে যাবে ভাবতেও পারিনি। শেষপর্যন্ত পালাতে হলো। কল্যাণে মন্দিরের ঠাঁকুরমশাই খুবই সাহায্য করেছিলেন। আমাদের লুকিয়ে রাখেন। কিন্তু ওইভাবে আর কতদিন! শেষ পর্যন্ত এক ডাকে অভিষেকে ফোন করি। ওরাই সাহায্য করে। ফেরার পর স্থানীয় নেতৃত্ব দেখা করেছেন। কিছু টাকা দিয়েছেন। কিন্তু তাতে আর কতদিন চলবে?

আবার ফিরবেন ভিন্ন রাজ্যে? এমন প্রশ্নের জবাবে সাইফুল বলেন, এলাকায় কাজ নেই। কিন্তু বাইরে যাওয়ারও ইচ্ছা নেই। বাইরে গিয়ে মার খাওয়ার থেকে এলাকায় ভিক্ষা করে খাবো।

বিষ্ণুপুরের বিধায়ক তথা মন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, আগেও এলাকার একাধিক শ্রমিককে ফেরানো হয়েছে। এক্ষেত্রেও খবর পেয়েই ওই শ্রমিককে ফেরানোর ব্যবস্থা করি। বাংলা বলায় এভাবে হেনস্তা কাম্য নয়। পরিবারটির পাশে আছি। মুখ্যমন্ত্রীও পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

একাত্তর/আরএ
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর