যুক্তরাষ্ট্রের একজন অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ জানাতে শনিবার মিনিয়াপোলিসে হাজার হাজার মানুষ মিছিলে যোগ দিয়েছেন। ফেডারেল সরকারের দেশব্যাপী গণ-বহিষ্কার অভিযানের প্রতিবাদে এ সপ্তাহান্তে পরিকল্পিত হাজারের বেশি বিক্ষোভ সমাবেশের অংশ ছিল এই কর্মসূচি।
তীব্র হাড়কাঁপানো শীত উপেক্ষা করে মিনিয়াপোলিসে এই বিশাল জনসমাগম প্রমাণ করে যে, গত বুধবার 'ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট' (আইসিই) কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনি গুডের মৃত্যু সাধারণ মানুষের মনে কতটা নাড়া দিয়েছে। এই ঘটনা বড় শহর থেকে শুরু করে ছোট শহরগুলোতেও প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। মিনেসোটার ডেমোক্র্যাটিক নেতৃবৃন্দ এবং রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ঘটনার সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বিবরণ দিচ্ছে।
আদিবাসী মেক্সিকান নৃত্যশিল্পীদের একটি দলের নেতৃত্বে মিনিয়াপোলিসের বিক্ষোভকারীরা সেই আবাসিক রাস্তাটির দিকে অগ্রসর হন, যেখানে গুডকে তাঁর গাড়ির ভেতরে গুলি করা হয়েছিল।

মিনিয়াপোলিস পুলিশ বিভাগের মতে, মিছিলে দশ হাজারেরও বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তারা রেনি গুডের নাম ধরে স্লোগান দিচ্ছিল এবং ‘আইসিই বিলুপ্ত করো’ ও ‘বিচার নেই, শান্তি নেই-আমাদের রাস্তা থেকে আইসিই হটাও’ বলে চিৎকার করছিল।
এলিসন মন্টগোমারি নামে ৩০ বছর বয়সী এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, আমি প্রচণ্ড রাগান্বিত, আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। আমি শুধু আশা করছি যেন পরিস্থিতির উন্নতি হয়।
মিনেসোটার কর্মকর্তারা এই হত্যাকাণ্ডকে অন্যায্য বলে অভিহিত করেছেন। তারা এক পথচারীর ধারণ করা ভিডিওর দিকে ইঙ্গিত করে বলেন, ভিডিওতে দেখা গেছে গুড যখন গাড়িটি কর্মকর্তার কাছ থেকে উল্টো দিকে ঘুরিয়ে নিচ্ছিলেন, ঠিক তখনই কর্মকর্তাটি গুলি ছোড়েন।
অন্যদিকে, আইসিই নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’ (ডিএইচএস) দাবি করেছে যে, ওই কর্মকর্তা আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছেন। তাদের দাবি, গুড তাঁর গাড়িটি কর্মকর্তার দিকে চালিয়ে দিচ্ছিলেন। তার আগে অন্য একজন কর্মকর্তা গুডকে গাড়ি থেকে নামতে বলেছিলেন। মিনিয়াপোলিসে আইসিই-এর কার্যক্রম পর্যবেক্ষণকারী একটি স্বেচ্ছাসেবী দলের সদস্য ছিলেন গুড।

গত বুধবারের এই গুলির ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ডিএইচএস সর্ববৃহৎ অভিযানের অংশ হিসেবে প্রায় ২,০০০ ফেডারেল কর্মকর্তাকে মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকায় পাঠানো হয়েছে। এই পদক্ষেপ কেন্দ্রীয় প্রশাসনের সাথে রাজ্যটির ডেমোক্র্যাটিক নেতাদের দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার ওরেগনের পোর্টল্যান্ডে ইউএস বর্ডার প্যাট্রোল এজেন্টের গুলিতে এক দম্পতি আহত হওয়ার পর ফেডারেল-স্টেট উত্তেজনা আরও চরম আকার ধারণ করে। মিনিয়াপোলিসের ঘটনার মতো এখানেও ডিএইচএস দাবি করেছে, চালক তাঁর গাড়িটিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে কর্মকর্তাদের ওপর উঠিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন।
আইসিই সংশ্লিষ্ট এই দুটি গুলির ঘটনায় ‘ইনডিবিলিবল’ এবং ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন’-এর মতো প্রগতিশীল ও নাগরিক অধিকার গোষ্ঠীগুলোর একটি জোট ‘আইসিই আউট ফর গুড’ ব্যানারে শনি ও রোববার সহস্রাধিক ইভেন্টের পরিকল্পনা করেছে। সহিংসতা এড়াতে সমাবেশগুলো সূর্যাস্তের আগেই শেষ করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
