ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। মোদীর নতুন মন্ত্রিসভায় চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) চারটি এবং নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) দুটি মন্ত্রণালয় পাচ্ছে ।
শনিবার মন্ত্রিসভা বণ্টনে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ’র বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের চত্বরে শপথ নেবেন মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা। নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে শনিবার দিনভর দেনদরবার চলছে শরিক দলগুলোর মধ্যে।
সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় দুটি মন্ত্রণালয়ই চেয়েছিল জেডিইউ। লোকসভা নির্বাচনে ১২টি আসন জিতেছে তারা।
আরেক গুরুত্বপূর্ণ মিত্র চন্দ্রবাবু নাইডুর টিডিপি দুইটি কেন্ত্রীয় মন্ত্রী, দুইটি প্রতিমন্ত্রী ও একটি স্পিকারের পদ চেয়েছিলো। তবে তারা একজন পূর্ণ মন্ত্রীর পাশাপাশি দুজন প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার পদ পেতে পারে।
২০১৪ এবং ২০১৯-এর মতো এবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। দলটি পেয়েছে ২৪০টি আসন। সরকার গঠনে প্রয়োজন ২৭২টি আসন।
বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কেন্দ্রে সরকার গঠনে মূল নায়ক হয়ে ওঠে নীতীশ কুমারের জেডিইই ও চন্দ্রবাবু নাইডুর টিডিপি। এই দল দুটি যথাক্রমে ১২ ও ১৬টি আসন পেয়েছে। দল দুটি বেঁকে বসলে চাপে পড়ে যাবেন মোদী।
