করোনা মহামারি চলার সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের শীর্ষ নীতি নির্ধারক ড. অ্যান্টনি ফাউচি মার্কিন সিনেটের এক শুনানিতে কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন। রিপাবলিকান আইনপ্রণেতারা জবানবন্দির সুযোগ নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যপ্রমাণের মামলা ঠুকে দিতে পারেন, এমন শঙ্কার কথা জানিয়ে তিনি মার্কিন সংবিধানের ‘পঞ্চম সংশোধনী’ প্রয়োগ করেন। এই সংশোধনী অনুযায়ী, কোনো নাগরিককে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যায় না।
মার্কিন সিনেটের এই উত্তপ্ত শুনানির কয়েক দিন আগেই রিপাবলিকান সিনেটর র্যান্ড পল ফাউচির মহামারি আমলের এক হাজার পৃষ্ঠারও বেশি ডায়েরি ও লেখালেখি জনসমক্ষে প্রকাশ করেন, যেখানে কোভিডের উৎপত্তি ও নিজের খ্যাতি নিয়ে ফাউচির ব্যক্তিগত চিন্তাভাবনা প্রতিফলিত হয়েছে।

ফাউচির অভিযোগ, সিনেটর র্যান্ড পল তার ওপর ব্যক্তিগত আক্রোশ পুষে রেখেছেন এবং তাকে যেভাবেই হোক কারাবন্দি করাই পলের প্রধান লক্ষ্য।
সিনেটের শুনানিতে সাবেক এই ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের প্রধান ড. ফাউচি বলেন, আইনসভার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই বলছি, আমার আইনজীবীদের পরামর্শক্রমে আমি মার্কিন সংবিধানের পঞ্চম সংশোধনীর অধীন আমার অধিকার প্রয়োগ করছি এবং আপনাদের প্রশ্নের উত্তর দেয়া থেকে বিরত থাকছি। করোনাকালে ফাউচি পুরো বিশ্বের কাছে ভরসার নাম হয়ে উঠেন।
তিনি আরও যোগ করেন, তাঁকে দিয়ে এমন কিছু বলানোই পলের একমাত্র উদ্দেশ্য যা দিয়ে তাঁকে জেলের ভাত খাওয়ানোর হুমকি সত্য বলে প্রমাণ করা যায়। পঞ্চম সংশোধনী প্রয়োগ করা মানেই যে কেউ অপরাধী, বিষয়টি তেমন নয়; বরং ভুল বিচার বা অনুচিত চাপ থেকে নিজেকে রক্ষা করতেই সংবিধান এই সুরক্ষা দেয়।
শুনানির পরিবেশ একপর্যায়ে অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। ফাউচি অস্বীকৃতি জানানো সত্ত্বেও সিনেটর পল তাঁকে একের পর এক প্রশ্ন করতে থাকেন। এ সময় ফাউচির পাশে থাকা এক আইনজীবী পলের প্রশ্ন বাড়াতে বাধা দেয়ার চেষ্টা করলে পল নিরাপত্তারক্ষী দিয়ে ওই আইনজীবীকে কক্ষ থেকে বের করে দেয়ার নির্দেশ দেন।

উদ্বোধনী বক্তব্যে সিনেটর পল দাবি করেন, ফাউচির ডায়েরির পাতাগুলোর সাথে মহামারি চলাকালীন আমেরিকানদের কাছে দেওয়া তাঁর বক্তব্যের চরম বৈপরীত্য রয়েছে। জনসমক্ষে ফাউচি কোভিডের প্রাকৃতি উৎসকে প্রাধান্য দিলেও ব্যক্তিগত ডায়েরিতে তিনি চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি ল্যাব থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার বা 'ল্যাব-লিক' তত্ত্বের বিষয়েও খোলাখুলি আলোচনা করেছিলেন।
তবে ফাউচির প্রকাশিত ডায়েরির লেখায় দেখা যায়, মহামারির শুরুতে তিনি প্রাকৃতিক উৎস ও ল্যাব-লিক, উভয় সম্ভাবনা নিয়েই চিন্তাভাবনা করেছিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারির এক এন্ট্রিতে তিনি লিখেন, বিজ্ঞানীরা ভাইরাসের উৎস নিয়ে একমত হতে পারেননি।
পরবর্তীতে তিনি লেখেন, ভাইরাসটি প্রাণী থেকে মানবেহে ছড়ানোর সম্ভাবনাই প্রায় নিশ্চিত, তবে ল্যাব-লিকের সম্ভাবনা নিয়েও তার মন খোলা রয়েছে। তবে দুটি বিকল্প সম্ভব হলেও দুটির সম্ভাবনা সমান নয় বলেও উল্লেখ করেন ফাউচি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ২০২৫ সালে জানিয়েছিল, উপলব্ধ তথ্য অনুযায়ী প্রাকৃতিক উৎসের তত্ত্বটিই সবচেয়ে বেশি সমর্থিত, তবে চূড়ান্ত তথ্য না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
ফাউচির নীরবতায় রিপাবলিকান সিনেটররা ক্ষোভে ফেটে পড়েন। সিনেটর জশ হাউলি ফাউচির বিরুদ্ধে কংগ্রেসকে অবমাননা করার অভিযোগ তোলেন। অপরদিকে, ডেমোক্র্যাট সদস্যরা ফাউচির সুরক্ষায় এগিয়ে আসেন। সিনেটর ম্যাগি হাসান বলেন, এই শুনানিটি ফাউচিকে ফাঁদে ফেলার উদ্দেশ্যে সাজানো হয়েছিল। ডেমোক্র্যাটরা বর্তমান মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডির অধীনে হাম ও সাইক্লোস্পোরিয়াসিসের মতো সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়া নিয়ে উল্টো উদ্বেগ প্রকাশ করেন।

কেনেডি জুনিয়র ফাউচির কড়া সমালোচক হিসেবে পরিচিত এবং তিনি ফাউচির এই ব্যক্তিগত ডায়েরি উদ্ধারে সরকারি ১১টি সার্ভারে আট মাস ধরে অনুসন্ধান চালানোর কথা স্বীকার করেছেন।
২০২২ সালে অবসর নেয়া ফাউচি মহামারি চলার সময় মাস্ক পরা ও বিধিনিষেধের কারণে রিপাবলিকানদের তীব্র সমালোচনা এবং প্রাণনাশের হুমকির মুখোমুখি হয়েছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও কোভিডের ওষুধ ও নানা নীতি নিয়ে তাঁর মতবিরোধ তৈরি হয়েছিল।
পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগে ফাউচিকে আগাম পূর্ণ ক্ষমা দান করেন। তবে বাইডেন স্পষ্ট করেন, এই ক্ষমার অর্থ এই নয় যে ফাউচি কোনো অপরাধ করেছেন; বরং মহামারিতে দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের প্রতি সম্মান জানাতেই এই আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল।
তথ্যসূত্র: বিবিসি
