মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকলে উন্নয়ন সম্ভব নয়। রোববার মে দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে, গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার না করার পরামর্শ দেন। বলেন, শিশুরা শ্রম দেয়ার আগে পড়ালেখা করবে। প্রধানমন্ত্রী আরো বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আওয়ামী লীগ যতটা সচেতন, অন্যরা ততটা নয়। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত তিন দফা শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে।
শিল্প কলকারখানায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার যত্নবান বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের উন্নয়নে কাজ করার পরেও কিছু শ্রমিক নেতা বিদেশিদের কাছে নালিশ করে। কোন দাবি থাকলে সরকারকে জানালে সরকারই সেটার সমাধান করবে।
তিনি আরও বলেন, করোনার সময় বিশেষ প্রণোদনা দেয়া হয়েছে। মালিকরা যেমন উপকৃত হয়েছেন তেমনি মোবাইল ফোনের মাধ্যমে শ্রমিকদের হাতে হাতে টাকা পৌছে গেছে।
