বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া সংক্রামক রোগ মাঙ্কিপক্স
প্রতিরোধে বাংলাদেশের সব স্থলবন্দরে বিশেষ সতর্কতা জারি করার পর বন্দরে বন্দরে আগত
যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সোমবার সকাল থেকে স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশে আসা প্রত্যেক যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
কর্মকর্তারা বলছেন, আপাতত সনাতন পদ্ধতিতে এই পরীক্ষা হচ্ছে। আগামীতে শুধু মাঙ্কি পক্সের জন্যেই বিশেষ যন্ত্র বসানোর পরিকল্পনা রয়েছে।
একাত্তরের আখাউড়া সংবাদদাতা জানাচ্ছেন, সকাল থেকে সেখানে স্থলবন্দরে আসা যাত্রীদের উপর সজাগ দৃষ্টি রাখছে বন্দর কর্তৃপক্ষ। চলছে হেলথ স্ক্রিনিং। কাজ করছেন তিন সদস্যের একটি মেডিক্যাল টিম। তারা যাত্রীদের বিভিন্ন তথ্যও সংগ্রহ করছেন।
দেশের অন্যতম বড় স্থলবন্দর বেনাপোল চেকপোস্টেও এরিমধ্যে কাজ শুরু করেছে ছয় সদস্যের একটি মেডিক্যাল টিম। তারা আগত যাত্রী ও বন্দর ব্যবহারকারীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন।
সেখানের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত মাঙ্কিপক্স শনাক্তের কোন ডিভাইস এসে তারা পাননি। তারপরেও আগত যাত্রীদের কাছ থেকে তথ্য নেয়া হচ্ছে।
সাতক্ষীরার ভোমরা বন্দরের স্বাস্থ্য সহকারী সার্জনলক্ষিন্দার কুমার দে জানিয়েছেন, সরকারি নির্দেশনা মেনে মাঙ্কিপক্স প্রতিরোধে সতর্ক অবস্থানে আছেন তারা।
সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়ত জানান নতুন করে মাঙ্কিপক্স প্রতিরোধে কোন টিম গঠন হয়নি। যারা করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের যে টিম কাজ করছিল তারাই কাজ করছে।
নতুন ভাইরাস প্রতিরোধে সোনামসজিদ স্থলবন্দরে সর্তকর্তা জারি করা হয়। পাসর্পোটধারী যাত্রী চলাচল বন্ধ থাকলেও ভারত থেকে পণ্যবাহী ট্রাক চালক ও সহকারীদের পরীক্ষা করা হচ্ছে।
এদিকে, হিলি বন্দরে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে উপজেলা মেডিক্যাল টিম কাজ করছে।
