বাংলাদেশে আবারো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের উপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, শুধু ভোটগ্রহণের দিন নয়, তার আগে থেকেই গণমাধ্যম ও সুশীল সমাজসহ সবাইকে অবাধে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।
বাংলাদেশ সফরে এসে মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলা ছাড়াও বিভিন্ন সেবামূলক কার্যক্রম দেখেন তিনি।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার আগে সাংবাদিকদের কাছে তিনি আগের দিন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের আলোচনার কথা জানান।
আফরিন আক্তার বলেন, পররাষ্ট্র সচিবের সাথে আলোচনায় বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন আয়োজনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র চায় যাতে ভোটগ্রহণের দিনের আগে থেকেই গণমাধ্যম ও সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকল পক্ষ অবাধে তাদের দায়িত্ব পালন করতে পারে।
কক্সবাজারের কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের স্বেচ্ছায় সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন চায়। তবে মিয়ানমারের পরিবেশ তেমন প্রত্যাবাসনের অনুকূল নয় বলেও জানান আফরিন আক্তার।
পরে বিকাল ৫ টায় বিমানে ঢাকার পথে কক্সবাজার ত্যাগ করেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা।
