সমাবেশ করতে হলে আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন সাংবিধানিক সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীতে সমাবেশ করবে বলে শনিবার জানিয়েছে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে অনুষ্ঠেয় সমাবেশে অগ্নিসন্ত্রাস ও পেট্রলবোমা হামলায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
রোববার আগারগাঁও নির্বাচন ভবনে ইসির কর্মকর্তাদের সঙ্গে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার সমাবেশের অনুমতির জন্য আমরা এখনও কোসো চিঠি পাইনি। সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে। আমাদের আচরণবিধিতে যা আছে তাই অনুসরণ করতে হবে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে গত ২৯ নভেম্বর ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনী বিশেষজ্ঞ দলের সঙ্গে কমিশন বৈঠক করে। বেলা ১১টা থেকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় দুপুর সোয়া ১২টা পর্যন্ত।
বৈঠকে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সদস্য ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল অ্যানালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল অ্যানালিস্ট) ও রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট) উপস্থিত ছিলেন।
১০ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ