যাত্রা শুরু করলো দ্বাদশ জাতীয় সংসদ। মঙ্গলবার ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। পরে টানা চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
দ্বাদশ সংসদে সরকারি বেঞ্চের (স্পিকারের ডান পাশে) প্রথম সারিতে বরাবরের মতো সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসেছেন। এর পরের আসনটি ফাঁকা রয়েছে। এরপর পর্যায়ক্রমে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, আ ক ম মোজাম্মেল হক, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আবুল হাসনাত আবদুল্লাহ, ওবায়দুল কাদের ও তোফায়েল আহমেদ বসেন।
সংসদ সদস্যদের আসনের মাঝের অংশের (স্পিকারের মুখোমুখি) প্রথম সারির বাম দিকের (স্পিকারের দিকে মুখ করে) প্রথম আসনে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বসেছেন। এরপর পর্যায়ক্রমে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, রাজিউদ্দিন আহমেদ রাজু এবং শেষ আসনে বসছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
বিরোধীদলীয় বেঞ্চের (স্পিকারের বাম দিকে) প্রথম আসনে বসছেন বিরোধীদলীয় নেতা জি এম কাদের। তার বাঁম পাশে বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। এরপর পর্যায়ক্রমে বসেছেন জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, স্বতন্ত্র হুসামউদ্দিন, সাবেক আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র সংসদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
শেখ হাসিনাকে স্যালুট করলেন ইবরাহিম
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বিকাল ৩টায়। অধিবেশন শুরুর কিছুক্ষণ আগে সংসদ কক্ষে প্রবেশ করেন সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন সংসদ সদস্যরা। সেখানে সরকারি দলের সংসদ সদস্যদের চেয়েও স্বতন্ত্রদের অংশগ্রহণ বেশি দেখা গেছে।
জাতীয় পার্টির দুই-একজনকের প্রধানমন্ত্রীকে সালাম দিতে দেখা যায়। প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে সামরিক কায়দায় স্যালুট করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
ঘিয়ে রঙের জমিনে বেগুনি আঁচল ও পাড়ের জামদানি শাড়ি পরে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে ঢোকের প্রধানমন্ত্রী। এ সময় সিটে বসার আগে প্রধানমন্ত্রীকে ঘিরে জড়ো হন সংসদ সদস্যরা। তারা সবাই সংসদ নেতাকে সালাম দেন। কয়েকজনকে প্রধানমন্ত্রীকে কদমবুসি করতে দেখা যায়।
নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া শাহজাহান ওমরও শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীকে সরকারি দলের সদস্যরা ছাড়াও স্বতন্ত্র সংসদ সদস্যরা কদমবুসি করেন। ভিড়ের কারণে যারা কাছে যেতে পারেননি, তারাও দূরে দাঁড়িয়ে সালাম দেন সংসদ নেতা শেখ হাসিনাকে।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ এবার টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯ আসনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। নির্বাচনের পর ১০ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেন। নতুন মন্ত্রিসভার শপথ হয় পরদিন ১১ জানুয়ারি।
বর্তমান সংসদে ভারসাম্য রক্ষা হয়নি: জিএম কাদের
নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের জয় হয়েছে: রাষ্ট্রপতি