দেশের ঋণখেলাপিদের নামের তালিকা জাতীয় সংসদে প্রকাশের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ।
তার মতে এই ঋণখেলাপিরাই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে।
রোববার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দেশের বিশিষ্ট শিল্পপতি এ কে আজাদ বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাবে খেলাপি ঋণ এক লাখ ৮২ হাজার কোটি টাকা। মূলত খেলাপি ঋণের পরিমাণ পাঁচ লাখ হাজার কোটি টাকা।
এই টাকা কারা নিলো তা সবার জানা, এমনটা মন্তব্য করে স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সংসদে তাদের নাম প্রকাশ করুন। তারাই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, এখন যদি ১৫ শতাংশ কর দিয়ে তাদের টাকা আনতে দেওয়া হয়, এটা হবে অন্যায়।
কালোটাকা সাদা করার সুযোগ দেয়ার প্রস্তাবের বিরোধিতা করে এ কে আজাদ বলেন, আওয়ামী লীগ নির্বাচনি ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সেখানে কীভাবে সার্বভৌম সংসদ কালোটাকা সাদা করার বৈধতা দিতে পারে, তা বোধগম্য নয়। কেন কালোটাকার উৎস নিয়ে প্রশ্ন করা যাবে না।
এ কে আজাদ বলেন, একজন দায়িত্বশীল সাবেক মন্ত্রী বলেছেন, প্রশাসনের একটা বিরাট অংশ দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তাদের বিচার হওয়া উচিত।
এতগুলো মন্ত্রণালয় ও দপ্তরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে তা খতিয়ে দেখতে একটি প্রশাসনিক কমিটি করার প্রস্তাব করেন এ কে আজাদ।
তিনি বলেন, কয়েকদিন আগে পত্রিকায় এসেছে, এসি ল্যান্ড ও ইউএনওদের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে গাড়ি কেনা হচ্ছে। অথচ প্রতিবেশী দেশ ভারতে মন্ত্রীরা নিজস্ব তৈরি গাড়িতে চলা ফেরা করেন। তাতে কি তাদের মানসম্মান কমে যায়? এখন ভাবার সময় এসেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চললে সামনের বছর বাজেটের আকার আরও কমাতে হবে। অর্থনৈতিক যে দুঃসময় তা আরও প্রকট হবে।
এ কে আজাদ বলেন, এবার বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জিডিপির ২৭ দশমিক ৩৪ শতাংশ। ২০ জুন প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে ক্যাপিটাল মেশিনারি বা মূলধন যন্ত্রপাতি আমদানি কমেছে প্রায় ২৫ শতাংশ। অপরদিকে শিল্পের কাঁচামাল আমদানি কমেছে প্রায় ২২ শতাংশ। অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, বা স্বল্প পরিসরে চলছে। তাহলে এ অবস্থায় কীভাবে বিনিয়োগ বাড়বে?
দেশের বিনিযোগ পরিবেশ দিন দিন কঠিন হচ্ছে মন্তব্য করে এই শিল্পোদ্যোক্তা বলেন, ঋণের সুদহার বিদ্যুৎ-জ্বালানির অপর্যাপ্ততা, পরিবহন ব্যয় বৃদ্ধিসহ নানা সমস্যায় জর্জরিত উদ্যোক্তারা। অথচ বিনিয়োগ টানতে পাশের দেশ ভারতের বেশ কয়েকটি রাজ্যে নানামুখী প্রণোদনা দিচ্ছে।
