এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের দাবিতে মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, উদ্ভূত পরিস্থিতিতে বাকি পরীক্ষাগুলো না নেওয়ার দাবি তুলেছেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর দুইটার কয়েকশো শিক্ষার্থী স্লোগান দিতে দিতে মুক্তাঙ্গন সামনের গেট দিয়ে সচিবালয়ে প্রবেশ করে। তারা ছয় নম্বর ভবনের নিচে জড়ো হন। স্লোগান দিচ্ছেন- ‘আমাদের দাবি মানতে হবে।’
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা সাতটি পরীক্ষা হয়েছে। বাকি পরীক্ষাগুলোর তারিখ কয়েক দফা পেছানো হয়েছে।
আর এদিনই বৈঠক করে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো ১১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হচ্ছে না। এগুলো হবে আরও দুই সপ্তাহ পরে। আর বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের পাশে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। অনেকে যান কলেজের ইউনিফর্ম গায়ে দিয়ে।
শিক্ষার্থীদের দাবি, কয়েকটি পরীক্ষা হওয়ার পর দেশের পরিস্থিতির কারণে তারা আটকে আছেন। এ অবস্থায় তারা আর বাকি পরীক্ষাগুলো দিতে চান না।
তারা আরও দাবি করছেন, যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক।
সচিবালয়ে বিক্ষোভের মধ্যে শিক্ষার্থীদের দশ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেন। তারা উপদেষ্টাকে একটি স্মারকলিপিও দেবেন।
এইচএসসি পিছিয়েছে দুই সপ্তাহ, উত্তর দিতে হবে অর্ধেক প্রশ্নের