তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকদের একাংশ। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একাধিক পয়েন্টে অবরোধ এবং শ্রীপুরে চারটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
তবে বেশিরভাগ শ্রমিক নতুন সিদ্ধান্ত মেনে নিয়ে কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, চলমান অসন্তোষের মুখে সাভার-আশুলিয়ায় ২২টি এবং গাজীপুরে ৩৫টিসহ মোট ৫৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে দীর্ঘ বৈঠক শেষে সর্বনিম্ন চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা করে নিম্নতম মজুরি বোর্ড। বর্তমানে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা; অর্থাৎ নতুন কাঠামোয় মজুরি ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বাড়ানো হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদনের পর আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে শ্রমিকদের একাংশ এই মজুরি প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে মহানগরীর ছয়দানা কলম্বিয়া এলাকায় অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল স্থবির হয়ে পড়ে। পাশাপাশি ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, গাজীপুর সদরের সালনা ও ভবানীপুর এবং শ্রীপুরের বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে একাধিক এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে কয়েকটি স্থানে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। বেলা সাড়ে ১১টা নাগাদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিছু অংশে অবরোধের কারণে দীর্ঘ যানজটে পড়ে চরম ভোগান্তি পোহান যাত্রী ও চালকেরা।

বিক্ষোভরত শ্রমিক কবির হোসেন ও শরিফুল ইসলাম বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে ১২ হাজার ৫০০ টাকা বেতনে বাড়িভাড়া ও খাবারের খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে; তাই ৩০ হাজার টাকা বেতন কার্যকর না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে যানজটে আটকে থাকা যাত্রী জসিম উদ্দিন ও সেলাইমান হোসেন সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান।
শ্রীপুরে চার কারখানায় হামলা: বুধবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি ও কেওয়া পূর্বখণ্ড (কেওয়াচালা) এলাকায় চারটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো হ্যামস গার্মেন্টস লিমিটেড, ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড ও লাক্সমা ইনার ওয়্যার লিমিটেড এবং কেওয়া পূর্বখণ্ডের ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস লিমিটেড।
প্রত্যক্ষদর্শী ও কারখানা কর্তৃপক্ষ জানায়, শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে হ্যামস গার্মেন্টসের প্রধান ফটক ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান এবং পাশের কারখানাগুলোতেও হামলা চালানো হয়। ঘটনার পর কয়েকটি কারখানার ফটকে তিন দিনের ছুটির নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। শ্রীপুর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
শিল্প পুলিশ জানিয়েছে, ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য ২২টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ৩৫টি কারখানা বন্ধ রয়েছে এবং উদ্ভূত পরিস্থিতিতে আরও অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
