দেশের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সবার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার সারাদেশে নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এই নিয়োগ প্রক্রিয়ায় নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে সরকারি পর্যায়ে আরও ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
দেশের চিকিৎসকদের সেবার মান বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকদের ওপর যাতে সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাস ফিরে আসে, সেই লক্ষে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা খাতের মান উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
চিকিৎসা সেবার পরিবেশ সুন্দর রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী সবাইকে নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান। বিশেষ করে দেশের হাসপাতালগুলোকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা মেডিক্যাল কলেজের ভবিষ্যৎ পথচলা ও চিকিৎসা শিক্ষা নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেন, আগামী দিনে কেবল পুরনো গৌরব আঁকড়ে ধরে রাখলে চলবে না। বরং চিকিৎসা বিজ্ঞান ও গবেষণায় উৎকর্ষের শীর্ষে যাওয়ার জন্য ঢাকা মেডিক্যাল কলেজকে এখন থেকেই নিরলস চেষ্টা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
