রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় শাহ আলী থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় সরকার বিবেচনায় নেবে না। যে পরিচয়েই থাকুক, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এরপর সেখানে ভাঙচুর চালিয়ে বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায় তারা।
এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সালমান মুক্তাদিরের স্টুডিও নিয়েও বক্তব্য
এদিকে, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদির কারও বিরুদ্ধে মামলা করেননি; তিনি বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন।
তিনি বলেন, জায়গাজমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। তার জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
এর আগে, ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বরের নিউ গিনি প্রোপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, জায়গা নিয়ে বিরোধের জেরে একটি পক্ষ জায়গা দখলের চেষ্টা করলে ওই স্টুডিওও ভাঙচুরের শিকার হয়।
জাসদ কার্যালয়ে আটকদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
রাজনৈতিক দলগুলো কোনো অনুমতি ছাড়াই বৈঠক করতে পারে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সেখানে বৈঠক করছিল বলে খবর পাওয়া গিয়েছিল। সে জন্য জাসদ কার্যালয় থেকে প্রায় দেড়শ মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল গুলিস্তানের জিপিও মোড়ে জাসদের প্রধান কার্যালয়ে ডিএমপির অভিযান শুরু হয়। পুলিশ জানিয়েছিল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গোপন বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার
সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন খাতে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬