বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ এ বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আলোকপাত করা হয়।
বৈঠকে বিশেষ করে দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা ও কৌশলগত যোগাযোগ বৃদ্ধির নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষই আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর পেশাদারিত্ব ও গৌরবোজ্জ্বল অবদানের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের উন্নত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরও প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন।
প্রতিরক্ষা উপদেষ্টা বিগত বছরগুলোতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক সহযোগিতার ইতিবাচক অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর মধ্যকার পেশাগত বন্ধন আগামী দিনগুলোতে আরও নিবিড়, গতিশীল ও সুদৃঢ় হবে।
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের প্রত্যাশা সিইসির