আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বেশি ছুটি দিতে যাচ্ছে সরকার। এতে করে সাপ্তাহিক ছুটিসহ এবার দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে।
সরকারি ছুটির বিদ্যমান তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী ও ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীর সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার)। এই এক দিন কার্যদিবস থাকায় তা নির্বাহী আদেশে ছুটি আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজার মোট ছুটি গিয়ে দাঁড়াবে পাঁচ দিনে।
পঞ্জিকা অনুযায়ী, এ বছর ১০ অক্টোবর মহালয়ার মাধ্যমে দেবীর আবাহন ঘটবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমী উদযাপিত হবে।
এদিকে দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের উৎসব উপলক্ষে সরকারি বরাদ্দ বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার সাংবাদিকদের জানান, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের পূজামণ্ডপগুলোর জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিশেষ চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। এবার প্রধানমন্ত্রী তা আরও এক কোটি টাকা বাড়িয়ে মোট পাঁচ কোটি টাকা করেছেন।
একই সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষেও ধর্মীয় কল্যাণ তহবিল থেকে অনুদান এক কোটি টাকা বাড়িয়েছেন সরকারপ্রধান। গত বছর এ খাতে দুই কোটি টাকা দেওয়া হলেও এবার দেওয়া হচ্ছে তিন কোটি টাকা। প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে।
