বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে রাত আটটা পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পে রোগীদের ফ্রি পরামর্শ দেন হাসপাতালের সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলোজিস্ট অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিয়াক সার্জারি) ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মুহাম্মদ কামরুজ্জামান, মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জন ডা. আশরাফুল হক সিয়াম এবং ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলোজিস্ট ডা. সানিয়া হক, ডা. এম এ হাসনাত ও ডা. সামি নজরুল ইসলাম।
এছাড়া কার্ডিওভাসকুলার সার্জন ডা. রোমেনা রহমান, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. আব্দুল জাব্বার জীবন, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সারাবান তাহুরা এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. নাসরিন আক্তার তুলিও ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।
একই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ইউনিভার্সেল মেডিক্যার সার্ভিসেস লিমিটেডেও স্থানীয় বাসিন্দাদের জন্য অনুরূপ ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে ১০০ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে পরামর্শ দেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আশরাফুল আলম সিদ্দিক।
হাসপাতালের নিয়মিত সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে জানিয়ে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল নিছক কোনো প্রাইভেট হাসপাতাল নয়, সামাজিক দায়বদ্ধতা আমাদের প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য। ভবিষ্যতেও আমরা এমন ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখবো।
