ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। তারা হলেন- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ (৩২৩ নম্বর আসন) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান।
সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। পরবর্তীতে অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ী হন মির্জা ফয়সল আমীন। অন্যদিকে, মিরপুরের রাড্ডা হাসপাতাল কাণ্ডে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে বিএনপির সংরক্ষিত নারী আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে উক্ত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিএনপির এলিজা জামান।
