দেশের উৎপাদনশীল খাতের মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের গুরুত্বপূর্ণ ছয়টি প্রধান শিল্পাঞ্চলে কেবল শ্রমিকদের জন্য বিশেষায়িত ১০০ শয্যাবিশিষ্ট পৃথক ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক সুনির্দিষ্ট সম্পূরক প্রশ্নের জবাবে সরকারপ্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান এই সুসংবাদ জানান।
ডেপুটি স্পিকার কায়সার কামালের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী জানান, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসুরক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক ধাপে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চল টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। এসব হাসপাতালে শিল্প ও গার্মেন্টস শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা দেয়া হবে।
সংসদে বক্তব্য দেওয়ার সময় অতীতের স্বাস্থ্য ও অর্থনৈতিক নীতির তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারী শাসনের দীর্ঘ সময়ে দেশের স্বাস্থ্য খাতকে পরিকল্পিতভাবে ভঙ্গুর ও দুর্বল করে রাখা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ ও সাধারণ চিকিৎসাব্যবস্থার চরম অবনতি ঘটানো হয়।
তিনি উল্লেখ করেন, বিগত সরকারের ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত নীতির কারণে দেশের সাধারণ মানুষকে চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট বিদেশি দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয়েছিল। বর্তমান সরকার দেশের ভেতরেই সবার জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে।
স্বাস্থ্য খাতের পাশাপাশি জ্বালানি ও শিল্প ক্ষেত্রেও পূর্ববর্তী সরকারের আমদানিনির্ভর নীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় খনিজ সম্পদ ব্যবহার ও দেশীয় শিল্পের বিকাশ না ঘটিয়ে কেবল আমদানিনির্ভরতা বাড়িয়ে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছিল।
এর আগে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ও তাঁদের স্বজনদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে শিল্পাঞ্চল কেন্দ্রিক সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা রয়েছে কিনা, তা জানতে চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
নির্ধারিত দিনের আগেই বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্নটি করায় ডেপুটি স্পিকার কায়সার কামাল উক্ত সংসদ সদস্যের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, আগামী বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নের উত্তর পর্ব থাকলেও সেদিন রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকতে পারবেন না; তাই আগেই প্রশ্ন উত্থাপন করে যথার্থ প্রক্রিয়ায় উত্তর উন্মোচন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর জবাবে পুনর্ব্যক্ত করেন যে, বর্তমান সরকার সমাজের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও এ ধরনের স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের চেয়ারম্যানের সাক্ষাৎ, বিনিয়োগের আহবান
কপ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী