মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর সুযোগ দেখছেন দুই প্রতিমন্ত্রী

আইজেসির রায়ে সন্তুষ্ট বাংলাদেশ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে তিন ঘণ্টাব্যাপী রায় পাঠের শেষ পর্বে আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া ৯-৬ ভোটে এই রায় ঘোষণা করেন। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই রায়কে রোহিঙ্গা সংকট সমাধান ও নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বড় ভিত্তি হিসেবে দেখছেন।


রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তারা আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে স্বাগত জানান এবং এতে সন্তুষ্ট। রায়ের গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন, এখানে ক্ষতিপূরণের বিষয়টি এসেছে এবং এর কিছু গুরুতর প্রভাব পড়বে।

হুমায়ুন কবিরের মতে, দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র নীতির একটি বড় সাফল্যের জায়গা হলো বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব বাংলাদেশের হাতে থাকা। পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আসীন থাকায় জাতিসংঘ ও নিরাপত্তা কাউন্সিলসহ বিভিন্ন ফোরামে বাংলাদেশের কণ্ঠস্বর ও অবস্থান আরও জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এই রায়ের ফলে ওআইসিভুক্ত দেশ, আসিয়ানভুক্ত রাষ্ট্র এবং থাইল্যান্ডসহ আঞ্চলিক দেশগুলোকে একসঙ্গে নিয়ে আরও শক্তভাবে কথা বলার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার বড় সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি। সার্বিকভাবে এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন হুমায়ুন কবির।

অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এই রায় বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। বহু বছর ধরে বাংলাদেশ সরকার যে অবস্থান নিয়ে আসছে, মিয়ানমারের সঙ্গে সংলাপ চালিয়েছে এবং রোহিঙ্গা সংকটকে বিশ্ব পরিমণ্ডলে প্রাসঙ্গিক রাখতে যে উদ্যোগ নিয়েছে, যেমন জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গাদের নিয়ে উচ্চ পর্যায়ের আয়োজন, আজকের রায় সেই সব প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।


শামা ওবায়েদের ভাষায়, এখন আন্তর্জাতিক মহলের প্রতি বাংলাদেশের প্রধান আহ্বান হলো, এই রায়কে ভিত্তি ধরে মিয়ানমার সরকার এবং রাখাইন রাজ্যে সক্রিয় আরাকান আর্মির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা, যাতে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করা যায়।

মিয়ানমার সরকার এবং রাখাইন স্টেটে আরাকান আর্মির দীর্ঘ ১০-১২ বছরের নির্যাতন ও সহিংসতার ইতিহাস তুলে ধরে শামা বলেন, তাদের কর্মকাণ্ডে বিন্দুমাত্র অনুশোচনার ছাপ দেখা যায়নি। নতুন করে কোনো অত্যাচার বা অনাচার নেমে আসার শঙ্কা থাকলেও বাংলাদেশ সম্পূর্ণ সজাগ রয়েছে বলে জানান তিনি।


সীমান্তে নিয়োজিত সদস্য ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রতিদিন পরিস্থিতি তত্ত্বাবধান ও মোকাবিলা করছেন। রোহিঙ্গাদের ওপর আর কোনো নিপীড়ন নেমে আসুক, তা বাংলাদেশ কখনোই চায় না এবং এর তীব্র প্রতিবাদ জানান তিনি। একই সঙ্গে তাঁর আশা, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি বাস্তবতা বুঝবে যে রোহিঙ্গারা সম্মানের সাথে নিজ দেশে ফিরতে চায় এবং তারা আজকের এই রায়কে সম্মান জানিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে।

একাত্তর/এআরএস
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাংলাদেশের অবস্থানকে আরও জোরদার করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়টিকে স্বাগত জানিয়ে রোহিঙ্গাদের...
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সঙ্কট আশ্রয়শিবিরের তরুণ-তরুণীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় গভীর প্রভাব ফেলছে। ব্র্যাকের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের প্রায় অর্ধেক পড়াশোনা বা...
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ‘ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশ। সোমবার ওয়াশিংটন ডিসি থেকে...
তুরস্ক সফরে জলবায়ু কূটনীতিতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের...
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা নিয়ে বিশ্ব আদালতে ঐতিহাসিক নৈতিক ও আইনি বিজয়ের পরও সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই রায় আদৌ বাস্তবায়িত হবে কি না। কারণ, আইসিজের নিজস্ব কোনো বলপ্রয়োগকারী...
উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও নাশকতার অভিযোগে ১৭২ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ আঁখি ও তার পাঁচ বছরের ছেলে আহনাব আদিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনন্দ বাবু বাদলকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। 
বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৫০তম সুবর্ণজয়ন্তী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর