দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক।
সোমবার (২৩ নভেম্বর) সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সচিবালয়ে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রীর এই বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে উপকূলীয় উন্নয়ন ছাড়াও রাজধানী ঢাকার বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় সরকার খাতের বিভিন্ন চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে ড. আবদুল মঈন খান বলেন, স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংক বাংলাদেশকে আর্থিকভাবে সহায়তা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে সংস্থাটি ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে সম্মতি জানিয়েছে।
রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবিলার বিষয়েও বৈঠকে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আমরা নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। ঢাকার ওপর মানুষের যে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তায় রাজধানীর দুটি বস্তিতে পাইলট বা মডেল প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে রাজধানীর কড়াইল ও ভাসানটেক বস্তিতে এই মডেল প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, দুই-একটি বস্তিতে মডেল প্রকল্প তৈরি করে আগামী দুই বছরের মধ্যে বস্তিবাসীদের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা যাবে।
স্থানীয় সরকারমন্ত্রী আরও জানান, আজকের বৈঠকে সংস্থাটির অর্থায়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ছাড়াও নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা, পল্লী উন্নয়ন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং সামগ্রিক স্থানীয় সরকার খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
