রাজধানীর লালবাগে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম নাসরিন আক্তার (৪০)। বিয়ের ১৯ বছর পরেও কোন সন্তান ছিলো না বলে নাসরিন মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে তার স্বজনরা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষার পর বিকেল সোয়া চারটায় তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, লালবাগ ৮ নম্বর গলিতে নিজস্ব তিন তলা ভবনের তৃতীয় তলায় স্বামীর সাথে থাকতেন নাসরিন আক্তার। তাদের বিয়ের ১৯ বছর হলেও কোন সন্তান নেই।
নিহতের স্বামী মো. জাফর নিলক্ষেতের একটি পেট্রোল পাম্পে চাকরি করেন। তিনি বলেন, ঘটনার সময়ে আমি ঘুমিয়ে ছিলাম। পরে সংবাদ পাই, নাসরিন ছাদ থেকে পড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: ইভ্যালি নিয়ে হতাশ না হওয়ার আহবান মাহবুব কবীরের
তিনি আরও বলেন, নাসরিন বেশ কিছু দিন যাবত অসুস্থ ছিল। সে করোনা আক্রান্ত হয়েছিল। বর্তমানে তার মানসিক সমস্যা দেখা দিয়েছে, ডাক্তারও দেখিয়েছি। সে বলতো আমি বাঁচবো না, মরে যাবো।
নিহতের আরেক আত্মীয় জানিয়েছেন, নাসরিন শান্ত প্রকৃতির। হাসিখুশি থাকতেন। ১৯ বছরে তাদের কোন সন্তান না হওয়ায় অনেকে অনেক কথা বলতো। এ নিয়ে সে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার ধারণা, হয়তো তিনি নিজেই ছাদ থেকে পড়ে মারা গেছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল খান। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
একাত্তর/আরএইচ
