ফাইল ছবি
রাজধানীর পলাশী এলকায় সড়কে একটি মিনি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোঃ ইয়াসিন (৩০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। হাংরিনাকি নামক প্রতিষ্ঠানের (খাবার সামগ্রী) ডেলিভারি ম্যান হিসাবে কাজ করতেন তিনি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সোয়া চারটায় তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী ঐ কাভার্ড ভ্যানের চালক মোঃ মানিক জানান, যুবকটির বাইসাইকেল একটি রিকশার সাথে লেগে আমার গাড়ির সামনে এসে পড়ে ধাক্কা লেগে আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক এসআই কাওছার আহামেদ ভুইয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটিকে জব্দ ও চালক মানিককে হাসপাতাল থেকে আটক করা হয়েছে।
নিহতের ভগ্নিপতি মফিজ উল্লাহ জানিয়েছেন, ইয়াসিন একটি শিক্ষাপ্রতিষ্ঠান মাস্টার্সে পড়াশোনা করতেন, পড়াশোনার পাশাপাশি পার্টাইম হাংরিনাকি নামে প্রতিষ্ঠান চাকরি করতেন।
ইয়াসিন লক্ষ্মীপুরজেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহি মৃত আবুল কেরামতের ছেলে। ঢাকায় থাকতেন জিগাতলা কলোনীতে। এক ভাই দুই বোনের মধ্যে সে ছিল ছোট।
একাত্তর/এআর
