ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বাসা-বাড়ি ও যে কোন ভবনে এডিসের লার্ভা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, নিয়মিত মামলা ও জরিমানা করা হবে।
বুধবার (২০ জুলাই) ডিএনসিসির ৩৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন খিলবাড়িরটেক এলাকায় ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিটি কর্পোরেশন নিয়মিত ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক প্রচারনা চালাচ্ছে। ড্রোন ব্যবহার করে ছাদে জমে থাকা পানি ও মশার প্রজননক্ষেত্র খুঁজে বের করা হচ্ছে। এরপরও বাসা-বাড়ি ও যেকোনো ভবনে এডিসের লার্ভা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নিয়মিত মামলা ও জরিমানা করা হবে।’
মেয়র বলেন, ডিএনসিসি ডেঙ্গুর প্রকোপ নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে এটা সম্ভব নয়- পুরোপুরি নির্মূলের জন্য জনগণকেও দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, বর্তমানে চলমান আবহাওয়ায় ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রায়ই বৃষ্টি হচ্ছে এবং পরক্ষণেই রোদ হচ্ছে। এমন আবহাওয়ায় এডিস মশা বেড়ে যায়। তাই আমি জনগণকে আহবান করছি আপনারা এই সময়টায় অনেক বেশি সতর্ক থাকুন।
আরও পড়ুন: গতবারের তুলনায় ডেঙ্গু রোগীর অর্ধেক: মেয়র তাপস
তিনি আরো বলেন, দেখা গেছে ড্রেন, জলাশয় এবং নর্দমা থেকে নয় বরং বাসা-বাড়ির জমে থাকা পানি থেকেই এডিস মশা বেশি জন্মায়। আমি অনুরোধ করছি আপনারা বাসাবাড়ির জমা পানি ফেলে দিন।
একাত্তর/আরএ
