সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি নসরুল হামিদ বলেছেন, আমাদের স্বপ্ন ২০৪১ সালের মধ্যে আমরা সবাই মিলিতভাবে উন্নত সোনার বাংলাদেশ গড়বো।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশনায় আমরা বাংলাদেশের সবাই মিলেমিশে কাজ করতে চাই। এখানে ধর্মীয় কোনো ভেদাভেদ থাকবে না। আগামীর বাংলাদেশ হবে আধুনিক ও পরিবেশবান্ধব। সারা বিশ্বের কাছে হবে উন্নত বাংলাদেশ। প্রধানমন্ত্রী তার পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং আজকের এই প্ল্যাটফর্মের হাজারও ছেলে-মেয়েরা তাদের সহযোগিতা করছে।
শনিবার (১২ নভেম্বর) সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের ষষ্ঠ আসরের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সূচনা বক্তব্যে নসরুল হামিদ এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে এখানে শত শত তরুণ তরুণীরা এবং সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে এসেছেন। অধিকাংশই শহরের বাইরের। শহরের সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত। কিন্তু তারা তাদের নিজেদের প্রচেষ্টায় এত দূর্দান্ত কাজ করেছে আমাদের বক্তব্যের পর আপনারা দেখতে পাবেন। যা দেখে আমরা যারা শহরে বসবাস করি, আমরা শিহরিত। অদ্ভুত এক সাহস তাদের মধ্যে কাজ করেছে। তাদেরকে শুধু বাংলাদেশ নয় বরং সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
নসরুল হামিদ বলেন, আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেকে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। আমাদের এখানে অনেকে হয়তো উপস্থিত হতে পারেনি, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রাখার জন্য।
আরও পড়ুন: আমরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি: জয়
তিনি বলেন, ভিডিওতে দেখে আসছি সেই ১৪ সাল থেকে তরুণদের জয়মালা। দেখতে দেখতে প্রায় ৬ টি বছর কেটে গেলো। আজকে সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষের উপরে। ৫০০র অধিক সংগঠন সারা বাংলাদেশে একদম প্রান্ত থেকে উঠে এসেছে আমাদের সাথে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যার চিন্তা ভাবনায় ইয়াং বাংলা প্ল্যাটফর্ম আজকে এত বড় একটা জায়গায় পরিণত হয়েছে৷ আজকে উনি আমাদের প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা আজকে এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সকলের পক্ষ থেকে আজকের আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে সজিব ওয়াজেদ জয়কে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।
একাত্তর/এসি
