নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহ জড়িত থাকার বিষয়টি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি'র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ডিএমপির সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
এসময় তিনি বলেন, ছেলে জঙ্গিবাদে জড়িয়েছেন সেটি জানতেন ডা. শফিকুর। এরপরও তিনি নীরব ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানাননি।
তিনি আরও বলেন, তার ছেলে একটি গ্রুপসহ জঙ্গিবাদের প্রশিক্ষণের জন্য বান্দরবানের পাহাড়ের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু যেতে না পেরে বাবার সঙ্গে যোগাযোগ করেছে। বাবা তাকে নিরাপদে ফিরিয়ে আনার সব ব্যবস্থা করেছেন। এটা সন্ত্রাসবাদের সর্বোচ্চ সহযোগিতা।
জঙ্গি দলটির নেতা শামীম মাহফুজ তার পরিবারকে সাথে নিয়েই পলাতক আছে বলে জানিয়ে সিটিটিসি প্রধান বলেন, নাথান বমের ব্যাপারে এখনও কোন তথ্য পাননি তারা।
আদালত প্রাঙ্গণ থেকে পালানো দুই জঙ্গি কোথায় জানতে চাইলে তিনি বলেন, এটা বলার এখনো সময় আসেনি। দেশেই আছে, এখনো দেশ থেকে পালাতে পারেনি।
আরও পড়ুন: মেট্রোরেল: উদ্বোধনের দিন পুলিশের সাত নির্দেশনা
জামায়াত আমিরের ছেলে চিকিৎসক রাফাত চৌধুরীকে গত ৯ নভেম্বর সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। তখন জানানো হয়, তিনি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সিলেট বিভাগের সমন্বয়ক।
এই ঘটনায় করা মামলায় গত ১৩ ডিসেম্বর রিমান্ডে নেয়া হয় জামায়াতের আমির শফিকুর রহমানকে। সাত দিনের রিমান্ড শেষে তাকে আবার তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
একাত্তর/এসজে
