দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য রোববার ভোররাত থেকে বিমানবন্দরসহ বেশ কয়েকটি সড়কে যান চলাচল সীমিত করবে পুলিশ। তাই এসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে ট্রাফিক বিভাগ।
এদিকে যান চলাচল সীমিত করার এই পদক্ষেপে সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়ছেন বিদেশগামী বিমান যাত্রীরা। তবে পুলিশ বলছে বিমানযাত্রীদের জন্য ডাইভারশন পয়েন্টে এবার গাড়ির ব্যবস্থা থাকবে।
পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের সামনের ইউলুপে ডাইভারশন দিলে জট আরও বেশি হবে। তাই রেডিসন হোটেলের সামনেই ডাইভারশন দিতে হচ্ছে।
উত্তরার উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) নাবিদ কামাল শৈবাল বলেন, ধারণা করা হচ্ছে, রোববার বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতে প্রথম পর্বের মতোই তুরাগ তীর ও এর আশপাশে লাখো মানুষের সমাগম হবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, বিমান যাত্রী ও উত্তরাবাসী এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে। যদি কোনো বিমানযাত্রীর গাড়ি আটকে যায় তাহলে বিশেষ ব্যবস্থায় পুলিশ তাদের পৌঁছে দেবে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানিয়েছেন, শনিবার মধ্যরাত থেকে তিনটি সড়ক ও মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে।
তিনি জানান, টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ থেকে মুন্নু গেইট পর্যন্ত সড়কগুলো বন্ধ থাকবে। সেক্ষেত্রে আমরা ডাইভারশন দিয়ে দেবো। ভোগড়া থেকে তিনশ ফিট পর্যন্ত সড়কে ঢাকাগামী ও ময়মনসিংহগামী গাড়িগুলো চলাচল করবে।
আরও পড়ুন: শনির দশা কাটালো, ছাড়পত্র পেলো ‘শনিবার বিকেল’
পুলিশ কমিশনার আরও বলেন, এ ছাড়া রেলপথ মন্ত্রণালয় টঙ্গী থেকে বিভিন্ন সড়কে ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে। লোকজন ট্রেনে করেও আসা-যাওয়া করতে পারবেন।
উত্তরাবাসী বলছেন, ডাইভারশনে শুধুমাত্র বিমানযাত্রীদের যেতে দেয়া হয়। রোববার এই এলাকার অফিসগামী বহু মানুষ অসহনীয় ভোগান্তিতে পড়েন। তাই ভোগান্তি কমাতে ডাইভারশনটি উত্তরা এলাকার কাছাকাছি করার দাবি তাদের।
একাত্তর/এসি
