রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় মো. মুসা (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে।
বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয় বলে জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, মুসার শরীরে ৯৮ শতাংশ দগ্ধ ছিল। তার শ্বাসনালী দগ্ধ ছিল। চিকিৎসাধীন দুইজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিস্ফোরণে আহত ১০ জন রোগী বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে।
ডা. সামন্ত লাল সেন বলেন, দুর্ঘটনায় আমাদের এখানে ১১ জন রোগী ছিল, তার মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে; কারণ তার বার্ন নেই। তবে বাকি ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। বুধবার রাত পর্যন্ত ওই বিস্ফোরণের ঘটনায় ১৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। মুসার মৃত্যুতে এ সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। পাশাপাশি এখনো এক জন নিখোঁজ আছেন।
একাত্তর/এআর
