রাজধানীর বঙ্গবাজারের ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। শুক্রবার সন্ধ্যায় বারিধারার দূতাবাস প্রাঙ্গনে আয়োজন করা হয়, বঙ্গবাজারের পোশাক বিক্রির মেলা।
দূতাবাসগুলোতে কাজ করা বিদেশি নাগরিকরা ন্যুনতম পাঁচশ' টাকায় যে কোনো পোশাক কেনার সুযোগ পেয়েছেন। পোশাক বিক্রির পুরো টাকা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দান করা হবে। মেলায় এসে অনেক বিদেশি পোশাক কিনে নিয়েও গেছেন।
মেলাটি দেখে অনেকেরই মনে হয়েছে, এ যেন এক টুকরো বঙ্গবাজার। কিন্তু জায়গাটি বারিধারার ফিলিস্তিন দূতাবাস। বঙ্গবাজারের পুড়ে যাওয়া কাপড়গুলোর মধ্যে যেগুলো অক্ষত ছিলো সেগুলো নিয়েই এই পসরা সাজানো হয়েছে।
বিভিন্ন দূতাবাসের বিদেশী কর্মী ও ওআইসি সদস্যভূক্ত দেশগুলোর নাগরিক যারা কর্মসূত্রে বাংলাদেশে আছেন মূলত তাদের জন্যই এই আয়োজন। শিশুথেকে শুরু করে নারী পুরুষ সব বয়সীদের পোশাকই রাখা হয়েছে।
তবে সব পোশাকেরই এক দাম ৫০০ টাকা। শুক্রবার সন্ধ্যায় শুরু হয় মধ্যরাত পর্যন্ত চলে বিক্রি। কেবল ঈদের জন্য নয়। একটা পোশাকের বিনিময়ে যদি ব্যবসায়ীদের কিছুটা হলেও উপকার হয় সে জনই কিনছেন; জানালেন ক্রেতারা।
ফিলিস্তিন দূতাবাসের এই উদ্যোগের পাশে ছিলেন চট্টগ্রাম অঞ্চলের তরুণ সমাজসেবক ফারাজ করিম চৌধুরী। তিনিই মূলত পোশাকগুলো কিনে এই মেলার আয়োজন করেছেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাড়াতে এটি তাদের একটি ক্ষুদ্র চেষ্টা।
একাত্তর/এআর
