ঢাকার নিউ সুপার মার্কেটে আগুনে পুড়ে গেছে ২৪৩টি দোকান। পানি আর ধোঁয়ায় নষ্ট হয়েছে প্রথম ও দ্বিতীয় তলার দোকানের মালামাল। ফায়ার সার্ভিস বলছে, নকশা না মানা এবং দুর্ঘটনা মোকাবেলার কোন ব্যবস্থা না থাকায়, দ্রুত আগুন ছড়িয়েছে।
এই ঈদের আগে মার্কেট আর খুলবে কি-না সে সিদ্ধান্ত সিটি করশোরেশনের হাতে ছেড়ে দিয়েছে দোকান মালিক সমিতি। মার্কেটে আগুনের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বের করতে ৯ সদস্যের তদন্ত কমিটি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
প্রায় ২৮ ঘন্টা পর নিভেছে রাজধানীর নিউ সুপার মাকের্টের আগুন। রোববার সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করে ফায়ার সার্ভিস। তারপর থেকে সিটি করপোরেশন ও মার্কেটের কর্মীরা শুরু করেছেন মার্কেট পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
একদিন আগেও যে মার্কেটটি ছিলো ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে মুখর, সেখানে এখন শুধুই পোড়া দাগ আর কালো পানির ছড়াছড়ি। মার্কেটের সামনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্তনাত। পোড়া ধ্বংস স্তুপে নিজেদের শেষ সম্বলটুকু খুজে বেড়াচ্ছেন সব হারানো ব্যবসায়ীরা।
কোথাও কোথাও পড়ে আছে আগুনে পোড়া কাপড়ের কিছু কিছু অংশ। রঙিন কাপড় সবই এখন ধূসর বর্ণের। সেই সঙ্গে ছাই হয়ে গেছে সেখানকার ব্যবসায়ীদের জীবিকার একমাত্র অবলম্বন। কারো দু’তিন দশকের জমানো টাকার সঙ্গে আগুনে উবে গেছে অনেক স্বপ্ন সাধও।
আগুন নেভানো শেষে পোড়া মার্কেটটি পুলিশের কাছে বুঝিয়ে দেয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তাদের প্রাথমিক অনুসন্ধান বলছে, ভবনটি নিয়ম মেনে করা হয়নি। মানা হয়নি ভবন নকশাও। আগুন নেভানোর তেমন ব্যবস্থাও ছিলো না ভবনে। যে কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম জানান, দোতলা ও তিনতলার বেশিরভাগ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট সংখ্যাটি সিটি করপোরেশন বলতে পারবে। আমরা ধারণা করছি, ২৫০-৩০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে মার্কেট ব্যবসায়ীদের হিসাবে সেখানে প্রায় ৬০০ দোকান পুড়েছে। আগুনের তাপ ও আগুন নেভানোর জন্য ব্যবহৃত পানিতে আরও একশ’ দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন তলা ওই মার্কেটে দোকান ছিলো সব মিলিয়ে প্রায় ১৩০০ দোকান।
আরও পড়ুন: মে মাসের শেষে লোডশেডিং কমবে: পরিকল্পনামন্ত্রী
এদিকে, নিউ মার্কেটসহ আশপাশের অন্য মার্কেটগুলোও খুলে দেয়া হয়েছে। ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, পুড়ে যাওয়া মার্কেটের দ্বিতীয় ও নিচ তলার দোকানগুলো দ্রুত খুলে দেয়া হলে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবেন ব্যবসায়ীরা।
নিউ সুপার মার্কেটে আগুনের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
একাত্তর/আরবিএস
