দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে হাজির হয়ে আরও সময় চেয়ে আবেদন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আর, দুদক বলছে, বিধি মোতাবেক ব্যবস্থা নেবে কমিশন।
এর আগে, গত বৃহস্পতিবার দুদকের তলবে হাজির হতে এক মাস সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন জাহাঙ্গীর আলম। এ বিষয়ে কোনো জবাব না পেয়ে রোববার দুদকে হাজির হয়ে সময় চাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে এসেছেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।
সেই আবেদনের প্রেক্ষিতে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার কথা জানান দুদক উপপরিচালক আলী আকবর। তিনি বলেন, সময়ের জন্য আবেদন করেছেন জাহাঙ্গীর আলম, এই চিঠি আমরা পেয়েছি। এ বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের তলবে হাজির হয়ে জাহাঙ্গীর আলম বলেন, সরকার আমাকে দুটি প্রকল্পে মাত্র ৬০০-৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলো। কিন্তু দুদক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এটা কী করে সম্ভব? এটা কাল্পনিক, বানোয়াট ও মিথ্যা।
আরও পড়ুন: পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে সরকার: ফখরুল
তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমাকে বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করে হয়রানি করা হচ্ছে। যারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানি করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে।
একাত্তর/এসজে
