সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ভারী বৃষ্টি হতে দেখা গেছে। বৃষ্টির ফলে পানি জমে যায় বিভিন্ন সড়কের মোড়ে। ফলে ভোগান্তি পোহাতে হয় অফিসগামী ও শিক্ষার্থীদের।
আজ সকাল সাড়ে দশটার পর থেকে বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। কয়েক জায়গায় এ বৃষ্টিতে জমে যাওয়া পানি নামতে বেশ সময় লাগে।
আবহাওয়া অফিসের তথ্যমতে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বলা হচ্ছে, বৃষ্টি চলবে আরও কয়েকদিন।
প্রতিবেদকরা জানান, বৃষ্টির কারণে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আনসারক্যাম্পসহ আশপাশের এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়। সে সময় তৈরি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
পথচারীরা জানান, সামান্য বৃষ্টিতেই মিরপুর ১০ এলাকায় দীর্ঘ সময় পানি জমে থাকে। ভারী বৃষ্টিতে প্রায় হাঁটু পানি জমে যায়। ১০ নম্বরে মেট্রোরেল স্টেশনসহ বাসস্ট্যান্ড ও বিভিন্ন মার্কেট থাকায় এই এলাকায় জনসমাগম বেশি। এই স্থানের বৃষ্টির পানি দ্রুত অপসরণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বিশেষ দৃষ্টি দেওয়া অনুরোধ জানান স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
এছাড়া বৃষ্টিতে পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক এবং অলিগলিতে সামান্য জলাবদ্ধতা দেখা যায়।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করেছে। এ বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: রাজধানীতে গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪০
রাজশাহী ও পাবনা জেলা ছাড়াও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এ সময়ে তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে।
একাত্তর/আরএ
