পুলিশের রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি (উপমহাপুলিশ পরিদর্শক) পদে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদায়ন সংক্রান্ত আদেশ জারি করা হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ২৩ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে।
ডিআইজি পদে নতুন দায়িত্ব পাওয়া মো. জুলফিকার আলী হায়দার শিল্পাঞ্চল পুলিশে যোগ দেওয়ার আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আবদুল মাবুদ রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব নেওয়ার আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। প্রায় দেড় দশক ধরে তাঁর পদোন্নতি আটকে ছিল।
