ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তার দলের এক দফা দাবি হচ্ছে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া।
শনিবার দুপুরে গুলশানের একটি বাড়িতে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির নেতারা।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের নেতৃত্বে বৈঠকে মুজিবুল হক চুন্নু এবং দলের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন। পরে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের খবর জানানো হয়।
চুন্নু বলেন, ‘আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। দেশের মানুষও একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা অনেক বেশি। রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। আলোচনার মূল উদ্যোগ সরকারের পক্ষ থেকেই নিতে হবে।’
সংলাপ ছাড়া সমাধান হবে না – মন্তব্য করে চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপি এক দফা নিয়ে আছে। বিএনপি সরকারের পদত্যাগ চায়। আর আওয়ামী লীগ শেখ হাসিনার অধীনে নির্বাচন চায়। জাতীয় পার্টির এক দফা হচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে’
আরও পড়ুন: শেখ হাসিনার অধীনেই নির্বাচনকালীন সরকার: কাদের
মুজিবুল হক চুন্নু এমপি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে আমাদের বৈঠক হয়েছে। প্রতিনিধি দল আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়েও আলোচনা করেছেন। তারা নির্বাচন বিষয়েই কথা বলেছেন।
আরও পড়ুন: এই সরকারের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব না: বিএনপি
জাতীয় সঙ্গে বৈঠকের আগে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধিরা। পরে বৈঠকে বসেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে। এরপর জামায়াতে ইসলামীর নেতাদের নিয়ে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।
একাত্তর/আরবি
