সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার অনুমতি না পেয়ে শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বুধবার সন্ধ্যা থেকে দলীয় নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে পুলিশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু কর্মদিবসের দিন যানজট ও ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দীর বদলে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়।
আরও পড়ুন: বিএনপির সমাবেশ গোলাপবাগে, অন্য কোথাও নয়: ডিএমপি
গোলাপবাগে যেতে রাজি না হওয়ায় কোথায়, কখন সমাবেশ হবে তা ঠিক করতে বুধবার সন্ধ্যায় থেকেই দফায় দফায় বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
প্রথম দফায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সভা হয়। সেখানে নেতাকর্মীদের ভিড় জমে যায়। জলকামান, রায়ট কারসহ ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। এ অবস্থার মধ্যে নয়াপল্টন থেকে কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেন বিএনপির নেতারা।
এরপর নয়াপল্টন ছেড়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফায় বৈঠকে বসে বিএনপির নীতিনির্ধারক নেতারাও। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে শুক্রবার সমাবেশ করার ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে পুলিশের অনুমতি মিলবে কিনা, তা এখনো নিশ্চিত না। এদিন দুপুরেই ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিএনপি চাইলে গোলাপবাগ মাঠে সমাবেশ করতে পারবে, অন্য কোথাও নয়।
একাত্তর/আরবি
