রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছালে সংস্কার কমিশনগুলো যে সুপারিশই করুক অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন করতে পারবে না বলে মনে করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চারটি সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে একাত্তরকে একথা জানান তিনি।
তার মতে সংস্কার কমিশনগুলো থেকে যে সুপারিশই করা হোক তার জন্য রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া প্রয়োজন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব সমালোচনা করে তিনি বলেন, এটি করলে সরকারের উদ্দেশ্য নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে।
জুলাই অভ্যুত্থানের পর আইন, বিচার, নির্বাচনসহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারে বেশ ক’টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত সময়ে বেশিরভাগ কমিশন প্রতিবেদন দিতে না পারলেও বর্ধিত সময়ে বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন আকারে সংস্কারের সুপারিশ জমা দিয়েছে চারটি কমিশন।
দেশের সাংবিধানিক পরিচয় পরিবর্তন থেকে শুরু করে নির্বাচনী ব্যবস্থার সংস্কার, প্রধানমন্ত্রীর মেয়াদ কমানোর মতো সুপারিশ এসেছে। দলীয়ভাবে বিএনপি এখনো এসব সংস্কার নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।
তবে, দলটির অন্যতম নেতা ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংস্কার কমিশনগুলো থেকে যে সুপারিশই আসুক না কেন তার বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ওপর।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে দু’বারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হতে পারাসহ বেশ কিছু সুপারিশ নিয়ে আপত্তি নেই বিএনপির। আপত্তি আছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ নিয়ে। স্থানীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় বলছেন এই নেতা।
দেশের বিভিন্ন এলাকায় পতিত আওয়ামী সরকারের লোকজন বিএনপিতে ঢুকছে কিনা এমন এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ বলেন, কোনো নতুন সদস্য দলে নিচ্ছে না বিএনপি।
চলতে শুরু করেছে ভোটের ট্রেন: সিইসি